চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের বৈশাখী শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে জাঁকমকপূর্ণ পরিবেশে নতুন বছরকে বরণ করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। আবহমান গ্রামবাংলার ঐতিহ্যের মিশেলে ভরপুর ছিল বৈশাখী শোভাযাত্রা। যার নেতৃত্ব দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। শোভাযাত্রায় আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। মঙ্গলবার সকালে বৈশাখী শোভাযাত্রাটি জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদ, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদসহ প্রয়াস, রেডিও মহানন্দা, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, প্রয়াস হাসপিটালসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তরা। বৈশাখী শোভাযাত্রা শেষে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন— প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় তিনি বলেন এই বছরে আমরা স্বল্প পরিসরে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছি। বিগত দিনে আমরা এর চেয়ে বড় পরিসরে আয়োজন করতে পেরেছিলাম। তার মধ্যেও আমরা উল্লেখ্যযোগ্য পরিসরে সহকর্মীরা ও আমাদের পরিবারের লোকজনরাও উপস্থিত হয়েছি সেটি আমাদের প্রেরণার জায়গা।
হাসিব হোসেন আরো বলেন, উৎসব নতুন সম্পর্ক তৈরি করে, সোহার্দ বাড়ায়, সম্পর্ক আরো গভীর করে। আমার বিশ্বাস নববর্ষের আয়োজন গুলোর মধ্য দিয়ে এবং ছোট ছোট পরিসরে আয়োজন করে প্রয়াস পরিবার সামনের দিকে এগিয়ে যাবে সকলের সহযোগিতায়, সকলের ঐকান্তিক প্রচেষ্ঠায়।
তিনি আরো বলেন, আমাদের ভুল থাকবে সেখান থেকে আমরা শিক্ষা নিব। গতবছর আমাদের আয়োজনে হয়ত কিছু ভুল ছিল তবে সফলতাও ছিল, সেই সফলতা আমরা ধরে রাখব। এছাড়াও ব্যর্থতা বা ভুল সংশোধন করে সেটাকে জয় করব। সংক্ষিপ্ত সমাবেশ শেষে যেমন খুশি তেমন সাজ কর্মসূচিতে অংশগ্রহণকারী ১৫ জনকে পুরস্কৃত করা হয়।