হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত ৩০

হাইতির একটি জনপ্রিয় পর্যটনস্থলে পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলের মিলো শহরে অবস্থিত ঐতিহাসিক সিটাডেল লাফেরিয়াতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি। তিনি জানান,মিলো শহরের ওই স্থানে একটি পর্যটন অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতির সময় এই দুর্ঘটনা ঘটে। হাইতির সংস্কৃতি মন্ত্রী ইমানুয়েল মেনার্ড বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আহতরা বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন এবং একটি উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর নির্মাণ করা হয়। বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি স্বাধীনতার পরপরই এটি নির্মাণ করেন। বর্তমানে সিটাডেল লাফেরিয়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত।