নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকোপাড়ায় অবস্থিত সুইটি ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প)টির মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। এই ভোগান্তি কমাতে পুনরায় অবিলম্বে পাম্পটি চালুর দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ। নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ও নাচোল উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে সোমবার সকাল ১০টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে আধাঘণ্টা পাম্পটি চালুর দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ, উপজেলা বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতার, নাচোল উন্নয়ন ফোরামের সভাপতি আমানুল্লাহ আল মাসুদ ও এনমাস’র সভাপতি শাকিল রেজা। পাম্পমালিকদের সাতদিনের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, এখন জ্বালানি তেলের সংকটময় সময়ে আমাদের যদি ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই পাম্প থেকে লাভ কি। আপনারা যদি চালু করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে বিক্রি করে দেন। নাচোলের সর্বস্তরের মানুষের ভোগান্তি কমাতে বক্তারা আরো বলেন, পারিবারিক দ্বন্দ্ব বুঝি না, পুনরায় পাম্পটি চালু দেখতে চাই। মানববন্ধন শেষে নাচোল উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়।