মুম্বাইয়ের অনুষ্ঠানে সিদ্ধার্থ-কিয়ারার মুগ্ধতা ছড়ানো রসায়ন

মুম্বাইয়ের এক অনুষ্ঠানে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী কিয়ারা আধবানি। তাদের রসায়ন যেমন নজর কেড়েছে, তেমনি কিয়ারার পরনের পোশাক নিয়ে নেটপাড়ায় বইছে আলোচনার ঝড়।
অনুষ্ঠানে পৌঁছানোর পর যথারীতি পাপারাৎসিরা তাদের ঘিরে ধরেন। প্রথমে দুজনে একসঙ্গে ক্যামেরায় পোজ দিলেও পরে কিয়ারাকে একা ছবি তোলার অনুরোধ করা হয়। তবে সেই অনুরোধ হাসিমুখেই নাকচ করে দেন নায়িকা। সিদ্ধার্থকে ছাড়া একা ছবি তুলবেন না জানিয়ে স্বামীর হাত ধরে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তের ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল।
এদিন কিয়ারার ফ্যাশন স্টেটমেন্ট ছিল বরাবরের মতোই রাজকীয়।
তিনি বেছে নিয়েছিলেন ডিজাইনার মাসাবা গুপ্তার কালেকশনের একটি গোলাপি গুলপোস সিল্ক শাড়ি। সোনালি জরির এমব্রয়ডারি করা এই শাড়িটির দাম প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। শাড়ির সঙ্গে ম্যাচিং করে তিনি পরেছিলেন হীরা, মুক্তা ও সোনার কাজ করা একটি মহারানি স্টাইল নেকলেস, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা। পুরো সাজে সবচেয়ে বড় চমক ছিল কিয়ারার হাতের ব্যাগটি।
ব্রাউন কালারের এই বিশেষ ‘হার্মেস কেলি পোশেত’ ব্যাগটির মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা, যা তাঁর সামগ্রিক অবয়বে এনে দিয়েছিল রাজকীয় আভিজাত্য।