যুদ্ধের সময় মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন দেশটির তিন প্রতিরক্ষা কর্মকর্তা। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ৪১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন। তার মেয়াদের আরো এক বছরের বেশি সময় বাকি ছিল। একইসঙ্গে সেনার রূপান্তর ও প্রশিক্ষণ কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হোডনি ও চ্যাপলেইন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করেছেন সাবেক ফক্স নিউজ সঞ্চালক ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। যুদ্ধের সময় একজন শীর্ষ জেনারেলকে এভাবে সরিয়ে দেওয়ার ঘটনা মার্কিন সামরিক ইতিহাসে নজিরবিহীন।