গোমস্তাপুরে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন

গোমস্তাপুরে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুরে মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজ বংপুরের আয়োজনে অনুষ্ঠিত মাদক বিরোধী মানববন্ধনে সভাপতিত্ব করেন পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক দেলোয়ার হোসেন, সাদিকুল ইসলাম টুটুল, শহিদুল ইসলাম, শিক্ষক মনিরুল ইসলামসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, এই বংপুর এলাকা মাদকের অভয়ারণ্য। হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। বিভিন্ন এলাকার লোকজন প্রতিদিন মাদক সেবন করতে আসছে এখানে। এলাকার লোকজন বাধা দিতে গেলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এলাকার যুবসমাজ মাদকের কবলে পড়তে যাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগতি করা হলেও মাদক বিক্রি এখন বন্ধ করতে পারিনি তারা। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় মানববন্ধনে। মানববন্ধনের পূর্বে ওই এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়।
