চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা কসিমুদ্দীনের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মো. কসিমুদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে দাফনের পূর্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।
পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বালিয়াডাঙ্গা ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে রোববার তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং স্ট্রোক করেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মো. কসিমুদ্দীন ১৯৪০ সালের ১ জুলাই বালিয়াডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে বীরত্বের পরিচয় দেন। ভোলাহাটের মুশরিভুজা বিদ্যালয়ে সংঘটিত সম্মুখযুদ্ধের বর্ণনা নিয়ে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধের দলিলপত্র’ গ্রন্থে তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে। কর্মজীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন।