ঈদের ছুটিতে স্কুলে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ৩টি টিভি উদ্ধার

ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের তৃতীয় তলার মাািল্টমিডিয়া শ্রেণী কক্ষে দূর্ধর্ষ চুরির ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দু’জনের মধ্যে পেশাদার মূল চোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে। আটকরা হলেন-জেলা শহরের রামকৃষ্টপুর বানিপাড়া মহল্লার ইয়াকুব আলী টুকানের ছেলে আবদুল্লাহ এবং আরামবাগ মাদ্রাসাপাড়া মহল্লার এলাম হোসেনের ছেলে রহিম আলী। পুলিশ জানায়, গতকাল এ ঘটনায় মামলা দায়েরের পর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি। বিকালে মুল চোর আবদুল্লাহকে আদালতে তোলা হলে তিনি চুরিতে জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, সিসিটিভি ফুটেজ বিম্লেষণ করে প্রথমে আবদুল্লাহ ও পরে তাঁর সহযোগি রহিমকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাল অধিকারী বলেন, গত ১৭ মার্চ গ্রীল ও দরজা ভেঙ্গে চুরি করে আবদুল্লাহ। সে স্কুলের ৩টি টিভি ও ১টি আইপিএস সিষ্টেম নিয়ে যায় যার মূল্য ৩ লক্ষাধিক টাকা। এছাড়া সে চুরির জন্য একাধিক গ্রীল ও দরজা ভেঙ্গে ৬০ হাজার টাকার ক্ষতিও করে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও স্কুলের প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন।