জেলা প্রশাসনের নতুন নির্দেশনা: শিবগঞ্জে বৈধ কাগজ ছাড়া মিলছে না জ্বালানি তেল

শিবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। আজ দুপুরে উপজেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তিনি জানান, পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে তেল নিতে আসা কয়েকজন গ্রাহক প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অবৈধ যানবাহন চলাচল কমবে। নির্বাহী মাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় সকল পেট্রোল পাম্পে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। সকল পাম্প মালিককে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।