টানা ৮দিন বন্ধের পর চালু হয়েছে রহনপুর রেলবন্দর

ঈদের ছুটি শেষে গোমস্তাপুর উপজেলায় অবস্থিত রহনপুর রেলবন্দর গত টানা ৮ দিন বন্ধের পর পূণরায় চালু হয়েছে। গত ১৬ মার্চ থেকে ২৩ মার্চ ঈদের জন্য বন্দর বন্দ ছিলো। বন্দর চালুর প্রথম দিন ২৪ মার্চ দুটি পণ্যবাহী ভারতীয় ট্রেন বাংলাদেশের রহনপুর রেলবন্দরে প্রবেশ করে। এরপর গত ২৫ মার্চ আরও দুটি পণ্যবাহী ভারতীয় ট্রেন রহনপুরে প্রবেশ করে। ভারতের বিহার রাজ্যের কাটিহার ষ্টেশনে এসব ট্রেনে আমদানীকৃত ভুট্টা-পশুখাদ্য বোঝাই করা হয়। এছাড়া আজ রাতে আরও ১টি ও আগামীকাল শনিবার ও ২৯ মার্চ রোববার আরও অন্তত ৩ টি ট্রেন প্রবেশের কথা রয়েছে বলে জানিয়েছে রেল সূত্র।

রহনপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ জানান, এসকল ট্রেন ভারতের বিহারের কাটিহার ষ্টেশন থেকে ছেড়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমদানী পন্যবাহী এ সব ট্রেনে যথাক্রমে ৪২, ৪১, ৩৯ ও ২১টি ওয়াগন ছিল। ট্রেনগুলোর ৩টি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জংশন ষ্টেশন হয়ে ঈশ্বরদী, উল্লাপাড়া ও সিরাজগঞ্জ বাজার ষ্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমনূরা জংশন ষ্টেশনে গন্তব্যে যাবার জন্য অপেক্ষমান রয়েছে একটি ট্রেন।

আমনুরা জংশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, ভারত থেকে আমদানীকৃত ট্রেনের কাষ্টমস প্রক্রিয়া রহনপুরে সম্পন্ন হবার পর আমনুরা জংশনে এসে পৌঁছায়। এরপর ট্রেনগুলি গন্তব্যে ছেড়ে যায়। ঈদের বন্ধের পর গতকাল পর্যন্ত ভারত থেকে আমদানীকৃত মেইজ বোঝাই ৩টি ট্রেন গন্তব্যে রওনা হয়েছে বলেও জানান আমনুরা জংশন ষ্টেশন মাষ্টার।