বিশ্ববাজারে তেলের দাম বাড়ল আরও ৫ শতাংশ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ নিয়ে চলমান আলোচনার অনিশ্চয়তা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কার কারণে নতুন করে আরও প্রায় ৫ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ নতুন করে ৫.২ ডলার দাম বাড়ার পর ব্রেন্ট নর্থ সী ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০৭.৫৪ ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ৪.৯ শতাংশ বেড়ে ৯৪.৭১ ডলারে পৌঁছেছে। এর আগে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪০ ডলার হয়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তেলের দামের এই পুনরুত্থানে ভূমিকা রেখেছে।