উপসাগরীয় দেশগুলোতে খোলা মাঠে ঈদের জামাত নিষিদ্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলোতে এবার খোলামাঠে ঈদের জামাত আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর কর্তৃপক্ষ। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুধু মসজিদের ভেতর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে। কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে মুসল্লিদের জানিয়েছে, পবিত্র রমজান মাস শেষে ঈদের নামাজের জন্য ঐতিহ্যবাহী খোলা ময়দানগুলোতে যেন তারা ভিড় না করেন। সাধারণত এসব ময়দানে প্রতিবছর হাজার হাজার মানুষ সমবেত হয়। চলমান সংঘাত ও সম্ভাব্য হামলার আশঙ্কায় জনসমাগমের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করে এ সিদ্ধান্তকে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন সরকারি কর্মকর্তারা।