২০২৬ হকি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান উত্তেজনা

ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াইকে বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হিসেবে ধরা হয়। আর্থিক দিক থেকেও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ সবচেয়ে বেশি লাভজনক। ক্রিকেট মাঠের সেই উত্তেজনা এবার ছড়িয়ে পড়ছে হকির বিশ্ব মঞ্চে, যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
আগামী ১৫ থেকে ৩০ আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডস-এর মাটিতে অনুষ্ঠিত হবে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ ২০২৬। এই আসরে অংশ নেবে মোট ১৬টি দল, যেখানে এক পুলে লড়াই করবে চারটি করে দল।
গতকাল নেদারল্যান্ডসের ওয়াগেনার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র। যেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তাইয়াব ইকরাম। ড্রতে পুল ‘এ’-তে পড়েছে সহ-আয়োজক নেদারল্যান্ডস, জাপান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড। পুল ‘বি’-তে রয়েছে আয়োজক বেলজিয়াম, বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, ফ্রান্স ও মালয়েশিয়া।
পুল ‘সি’-তে লড়াই করবে অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে রোমাঞ্চপূর্ণ পুল ‘ডি’। এই পুলকে ডেথ অব পুল বললেও ভুল কিছু হবে না। পুলটিতে লড়াই করবে চারবারের চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, ইংল্যান্ড ও ওয়েলস।