আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তালেবান প্রশাসন গতকাল গভীর রাতে এ ঘোষণা দেয়। আফগান বার্তা সংস্থা খামা প্রেস এজেন্সি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের হেলমান্দ এবং পশ্চিমাঞ্চলের ফারাহ ও গোর প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য যাচাই করে সরকার পরিচালিত চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আজ ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আফগান সম্প্রচার মাধ্যম তোলো নিউজের প্রতিবেদন অনুসারে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকার গতকাল ৪ হাজার ৫৯৬ জন বন্দীকে মুক্তি ও আরও ৪ হাজার ৪০৭ জন বন্দীর সাজা কমানো হয়েছে।
এদিকে আফগানিস্তানের এ সিদ্ধান্তের কারণে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে ঈদের তারিখে পার্থক্য তৈরি হয়েছে। সৌদি আরব জানিয়েছে, গতকাল চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে আগামীকাল ঈদ উদযাপিত হবে। একই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও কুয়েত। এছাড়া তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামীকাল ঈদ নির্ধারণ করেছে। ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন ও ইরাকেও একই দিনে ঈদ উদযাপন করা হবে।