পিএসএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ-শরিফুলরা

পাকিস্তান সুপার লিগে পিএসএল এবার দল পেয়েছেন বাংলাদেশের পাচ তারকা ক্রিকেটার। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে তারা বিসিবির এনওসি (অনাপত্তি) পাবেন কি না, পেলেও তা কতদিনের জন্য সেই আলোচনা ছিল। অবশেষে জানা গেছে, পাঁচ ক্রিকেটারকেই এনওসি দিয়েছে বিসিবি। তারা লিগটিতে খেলতে পারবেন ১২ এপ্রিল পর্যন্ত। এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। সবশেষ দিন দুয়েক আগে পঞ্চম বাংলাদেশি হিসেবে শরিফুল ইসলামও প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে।