ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে ‘মেসি’

ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাবের নজরে এখন ফরাসি তরুণ ফুটবলার রায়ানে মেসি। মাত্র ১৮ বছর বয়সেই তার প্রতিভা মুগ্ধ করেছে ইউরোপের বড় ক্লাবগুলোকে। তবে এত আগ্রহের মধ্যেও তাকে ভবিষ্যতের পরিকল্পনায় রেখেছে ইংলিশ ক্লাব চেলসি। বর্তমানে সৌদি আরবের ক্লাব নিওমে ধারে খেলছেন রায়ানে মেসি।

তিনি মূলত চেলসির সিস্টার ক্লাব স্ট্রাসবুর্গের খেলোয়াড়। চেলসির মালিকানা প্রতিষ্ঠান ব্লুকো তরুণ প্রতিভা গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে, তার অংশ হিসেবেই তাকে বিভিন্ন ক্লাবে ধারে পাঠানো হচ্ছে।
প্যারিসে জন্ম নেওয়া এই উইঙ্গারকে ২০২৪ সালে ফরাসি ক্লাব দিজোঁ থেকে দলে নেয় ব্লুকো। তার আগেই তিনি ফ্রান্সের বিখ্যাত ফুটবল একাডেমি ক্লেয়ারফন্টেইনে প্রশিক্ষণ নিয়ে নজর কাড়েন।

গতি, ড্রিবলিং ও আক্রমণাত্মক ফুটবলের জন্য অল্প বয়সেই তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। মাত্র ১৪ বছর বয়সে দিজোঁর একাডেমিতে যোগ দেওয়ার পর দ্রুতই উন্নতি করতে থাকেন মেসি। ১৬ বছর বয়সেই ক্লাবটির হয়ে সিনিয়র দলে অভিষেক ঘটে তার। এরপর অভিজ্ঞতা বাড়ানোর জন্য তাকে ধারে পাঠানো হয় পাও এফসি এবং বর্তমানে তিনি খেলছেন নিওমে।

তার ধারাবাহিক উন্নতির কারণে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব ইতোমধ্যে তার খোঁজখবর নিতে শুরু করেছে। জার্মানির বায়ার্ন মিউনিখ, স্পেনের বার্সেলোনা এবং ফ্রান্সের পিএসজি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।

তবে চেলসির মালিকানা প্রতিষ্ঠান ব্লুকো পরিষ্কার করে জানিয়েছে, রায়ানে মেসিকে ছাড়ার কোনো পরিকল্পনা তাদের নেই। বরং ভবিষ্যতে তাকে বড় মঞ্চে তুলে আনতেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে তারা।পরিকল্পনা অনুযায়ী আগামী মৌসুমে তাকে স্ট্রাসবুর্গের মূল দলে খেলানোর কথা ছিল। তবে তার দ্রুত অগ্রগতির কারণে সেই পরিকল্পনায় কিছু পরিবর্তনও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।