গান নিয়ে বিতর্ক: গায়ক বাদশাকে হত্যার হুমকি

ভারতের জনপ্রিয় র্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা-কে হত্যার হুমকি দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। তার গাওয়া ‘টটেরি’ গান নিয়ে নারী ও অপ্রাপ্তবয়স্কদের ওপর আপত্তিকর কথার অভিযোগ উঠায় এই হুমকি দিয়েছে। খবর জানিয়েছে এনডিটিভি।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা ফেসবুকে পোস্ট দিয়ে বাদশাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে। ওই বার্তায় লেখা হয়, “গায়ক বাদশা, আপনি হরিয়ানার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছেন। ২০২৪ সালে আপনার ক্লাবে আমরা ট্রেইলার দেখিয়েছিলাম; পরেরবার সরাসরি আপনার কপালে গুলি করব।”
২০২৪ সালে চন্ডীগড়-এ বাদশার মালিকানাধীন সেভিল বার অ্যান্ড লাউঞ্জ-এর বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেই ঘটনার দায় স্বীকার করে কানাডাভিত্তিক সন্ত্রাসী গ্রুপ গোল্ডি ব্রার, যাকে লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হিসেবে পরিচিত।
হরিয়ানভি ভাষার ‘টটেরি’ গানটি সম্প্রতি বাদশার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এবং প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। তবে গানটির কথা ও ভিডিও নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, এতে নারী ও অপ্রাপ্তবয়স্কদের নিয়ে আপত্তিকর বিষয়বস্তু রয়েছে। এ ঘটনায় পাঁচকুলা-র এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে বাদশার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত সপ্তাহে বিতর্কের মুখে ক্ষমা চেয়ে বাদশা বলেন, “আমার নতুন গান প্রকাশের পর দেখি, গানটির কথা ও ভিডিও অনেক মানুষকে, বিশেষ করে হরিয়ানার মানুষকে কষ্ট দিয়েছে। আমি নিজেও হরিয়ানার মানুষ। কখনোই হরিয়ানার নারী বা শিশুদের অপমান করার উদ্দেশ্য ছিল না।”
তিনি আরও বলেন, “আমি হিপ-হপ ঘরানার শিল্পী। অনেক সময় প্রতিযোগিতার কারণে কিছু কথা গানে যোগ করতে হয়; এটি কখনোই কোনো নারী বা শিশুদের উদ্দেশ্যে ছিল না। আমি সবসময় হরিয়ানার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। হরিয়ানার সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন।”