শিবগঞ্জে একজনকে সেলাইমেশিন ও ১৯৯ জনকে খাদ্যসামগ্রী দিল সুহৃদ সমাবেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসচ্ছল একজনকে সেলাইমেশিন ও ১৯৯ জনকে খাদ্যসামগ্রী দিয়েছে দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ। শনিবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদুল ফিতরকে সামনে রেখে এই উপহার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধী, দৃষ্টিহীন এবং দরিদ্র অসহায় ১৯৯ জনের মধ্যে ঈদ উপহার হিসেবে চাল, আটা, লাচ্চা সেমাই, দুধসহ ৮ পদের খাদ্যসামগ্রী এবং একজন অসহায় নারীকে স্বাবলম্বী হবার জন্য একটি সেলাইমেশিন দেয়া হয়। সুহৃদ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়ক এ কে এস রোকনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ মো. ইউসুফ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বরাবরের মতো আগামীতেও এ ধরনের উদ্যোগ চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন এ কে এস রোকন।
উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ সমকাল ও সুহৃদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে আরো বেশি বেশি দাঁড়ানোর অনুরোধ জানান। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করারও আশ্বাস দেন।