মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের আবাসনে আগুন, প্রাণ গেল পাঁচজনের
মালদ্বীপের আলিফ ধাল অ্যাটলের ধিগুরাহ দ্বীপে প্রবাসী শ্রমিকদের একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে দগ্ধ আটজনকে দ্রুত উদ্ধার করে ধিগুরাহ হেলথ সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান। আশঙ্কাজনক দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়। ধিগুরাহ কাউন্সিলের সভাপতি ইব্রাহিম উসমান স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, প্রবাসী শ্রমিকদের আবাসিক ভবনটিতে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। তবে ওই ভবনে মোট কতজন প্রবাসী শ্রমিক বসবাস করতেন বা কোন প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আবাসনটি পরিচালিত হচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কারণ অনুসন্ধানে চিকিৎসকসহ একটি বিশেষ তদন্ত দল ধিগুরাহ দ্বীপে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: সান এমভি