ইরানে সরকার পতনের ঝুঁকি নেই : মার্কিন গোয়েন্দা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় দুই সপ্তাহের সামরিক হামলার পরও অদূর ভবিষ্যতে ইরানে সরকার পতনের ঝুঁকি নেই বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একাধিক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এমন মূল্যায়ন করা হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। সূত্রগুলো জানায়, সাম্প্রতিক গোয়েন্দা বিশ্লেষণে ধারাবাহিকভাবে দেখা গেছে যে ইরানের বর্তমান শাসনব্যবস্থা এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং দেশটির জনগণের ওপর সরকারের নিয়ন্ত্রণ বজায় আছে। মার্কিন গোয়েন্দা তথ্য নিয়ে কথা বলার অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানায়। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ আলোচনাতেও স্বীকার করা হয়েছে যে চলমান যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারের পতন ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই।  তবে সংশ্লিষ্ট সূত্রগুলো সতর্ক করে বলেছে, মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও যেকোনো সময় ভিন্ন দিকে মোড় নিতে পারে।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক স্থাপনা এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সদস্যরা। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে নিজেদের সরকার নিজেরাই দখল করার আহ্বান জানালেও পরে তার শীর্ষ সহকারীরা বলেন, ইরানের বর্তমান নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করাই এই অভিযানের মূল লক্ষ্য নয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও বহু জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন।