চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়নে পৌর কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য সহায়তা বিতরণের লক্ষ্যে পৌর মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলামসহ পৌর মানবিক সহায়তা কমিটির সদস্যবৃন্দ। সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভিজিএফ কর্মসূচির আওতায় এবার ৪৬ দশমিক ২৫০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এই চাল কার্ডপ্রতি ১০ কেজি করে মোট ৪ হাজার ৬২৫টি কার্ডধারী উপকারভোগীর মাঝে বিতরণ করা হবে। আগামী ১৪ মার্চ থেকে শুরু করে ৩ দিনের মধ্যে পৌরসভার সকল উপকারভোগী সদস্যের মাঝে চাল বিতরণ সম্পন্ন করা হবে বলেও সভায় জানানো হয়।
সভায় আরও বলা হয়, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে প্রকৃত উপকারভোগী যাচাই- বাছাই করে তাদের মাঝে খাদ্যশস্য বিতরণ নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হতে নির্ধারিত কয়েকটি শর্তের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে—যেসব পরিবারের মালিকানায় ভিটাবাড়ি ছাড়া অন্য কোনো জমি নেই, দিনমজুরের আয়ের উপর নির্ভরশীল পরিবার, মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল পরিবার, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক কোনো পুরুষ সদস্য নেই এমন অসচ্ছল পরিবার, যেসব পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়, যেসব পরিবারে উপার্জনশীল কোনো ব্যক্তি নেই, স্বামী পরিত্যক্তা বা তালাকপ্রাপ্তা নারীর নেতৃত্বাধীন অসচ্ছল পরিবার, অসচ্ছল মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী পরিবারের প্রধান, ক্ষুদ্রঋণ সুবিধা না পাওয়া পরিবার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে খাদ্য বা অর্থসংকটে পড়া পরিবার এবং যেসব পরিবার বছরের অধিকাংশ সময় দুই বেলা খাবার জোগাড় করতে পারে না।