বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন শ্রীনন্দা
ভেঙে গেছে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করের সংসার। গত বছরের শেষে ১৬ বছরের সংসার ভাঙার ঘোষণা দেন এই অভিনেত্রী। ফের বিয়ের পিঁড়িতে বসবেন কি না, তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহলের শেষ নেই। অবশেষে বিয়ে নিয়ে কথা বললেন শ্রীনন্দা। শ্রাবন্তী ব্যানার্জিকে সাক্ষাৎকার দিয়েছেন শ্রীনন্দা। এ আলাপচারিতায় বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, ‘তুই কী আবার বিয়ে করবি?’ আমি বলেছি, ‘ন্যাড়া বেলতলায় কবার যায়?’ তবে কখনো ওভাবে ‘না’ বলতে পারি না। কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত নই। ভবিষ্যতে কী আছে জানি না। খানিকটা ব্যাখ্যা করে শ্রীনন্দা বলেন, “যদি হাতের কোথাও কেটে যায়, তাহলে সেটা সারবে, তাতে ওষুধ লাগানো হবে, সেটা শুকাবে, তারপর তো সেই হাতটাকে ব্যবহার করতে পারব। ওভাবেই এই বিষয়টাকে দেখতে হবে। ২০০৯ সালের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়েন শ্রীনন্দা শঙ্কর এবং গেভ সাতারাওয়ালা। বাঙালি এবং পার্সি দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তারপর কেটে গেছে ১৬ বছর। কী কারণে তাদের সংসার ভেঙেছে সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী। সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’, সুমন ঘোষের ‘বসুপরিবার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন শ্রীনন্দা। বলা যায়, টলিউডের প্রথম সারির সব নির্মাতার সঙ্গেই কাজ করেছেন এই নৃত্যশিল্পী। তবে গত কয়েক বছর ধরে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে বসবাস করছেন। সেখানে সংসার, কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। গত বছর হঠাৎই দুঃসংবাদ দেন এই অভিনেত্রী।