ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৩৫ দিন বয়সের বোরো ধানগাছে বিষ প্রয়োগ করে ৩০ শতাংশ জমির ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. তরিকুল ইসলাম ভোলাহাট থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, একই গ্রামের ইসরাইলের ছেলে তোফাজ্জুল হক বাবু (৪৫) গত ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে সোলগাড়ী জিয়া ক্যানেলের পশ্চিম পাশে তার জমিতে বিষ প্রয়োগ করেন। পরে ধান গাছগুলো ধীরে ধীরে পুড়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ভোলাহাট থানায় এজহার দায়ের করেছেন বলে জানান। অন্যদিকে তোফাজ্জুল হক বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি আমাদের। আমরা জমিতে ধান লাগিয়েছি। ধান পুড়িয়ে মেরেছে তরিকুলেরা। আমরা ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এদিকে পুলিশের এসআই বশির আহমেদ গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় কৃষকদের ভাষ্য, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই ধান নষ্ট করা হয়েছে বলে তারা ধারণা করছেন।