চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালত দুটি রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে। সেই সাথে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন রেস্তোঁরা ও খাদ্য উৎপানকারী প্রতিষ্ঠানকে আয়োডিনযুক্ত লবনের পরিবর্তে খোলা লবন ব্যবহার না করার জন্য সতর্ক করেছে এবং বিসিক এলাকায় একটি সেমাই কারখানার কিছু খোলা লবণ বিনষ্ট করা হয়েছে। অভিযানকালে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আদালত।
গতকাল বিকেল ৩টার দিক থেকে বিকাল প্রায় সাড়ে ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত রেস্তোঁরা, খাদ্য উৎপাদন ও বিক্রয়কারি প্রতিষ্ঠান পরিদর্শনকালে এসব দন্ড আরোপ এবং নির্দেশনা প্রদান করেন। আদালতের সাথে থাকা র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন জানান, অভিযানকালে শান্তিমোড়ে অবস্থিত ওসামান হোটেল এন্ড রেষ্টুরেন্টেকে ১০ হাজার এবং বিশ্বরোড মোড়ের তামান্না সুইট এন্ড রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। অভিযানকালে সংশ্লিস্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।