বিয়ের খুশিতে ভারতজুড়ে মিষ্টি খাওয়াবেন বিজয়-রাশমিকা!

সদ্যই বিয়ের পিঁড়ি থেকে উঠে সুখের দাম্পত্য কাটাচ্ছেন দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এরই মাধ্যমে আট বছরের সম্পর্কের পরিণয় ঘটল তাদের। কাজেই এই তারকা দম্পতি নিজেরা যেমন একে অপরকে পেয়ে আনন্দে ভাসছেন, তেমনি তাদের অনুরাগীরাও উচ্ছ্বসিত। এবার এই তারকা দম্পতি নিলেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত; ভারতের প্রায় সব রাজ্যের মানুষদের মাঝে মিষ্টি ও খাবার বিলিয়ে দিতে চান তারা। ইতোমধ্যে তারা এই কার্যক্রম শুরু করেছেন।

গত রোববার ভারতের বিভিন্ন রাজ্যের মন্দিরগুলোতে ট্রাকভর্তি মিষ্টি পাঠানোর মাধ্যমে এই উৎসব পালন করা হয়। একটি ভিডিওতে দেখা যায়, রাশমিকা ও বিজয় নিজ হাতে তার ভক্তদের মাঝে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন। এরপর এক যৌথ বিবৃতিতে বিজয় ও রাশমিকা জানান, তাদের দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন এবং ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই আয়োজন; ভারতীয় ঐতিহ্য মেনে শুভ কাজ হিসেবে মিষ্টিমুখ করার রীতি মেনেই তারা বিভিন্ন রাজ্যের মন্দিরে সুস্বাদু খাবার ও মিষ্টি পাঠিয়েছেন।

একই সঙ্গে তারা বিশেষ ‘অন্নদান’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে খাবার পরিবেশন করার উদ্যোগ নেন। এই তালিকায় তেলেঙ্গানা, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং কেরালাসহ ভারতের প্রায় ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন এই তারকা যুগল। সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় রীতি তথা তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তারা। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।