২০২৫ সালে দেশে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা

দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্কুল পর্যায়ে, যেখানে ১৯০ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। কলেজ পর্যায়ে ৯২ জন রয়েছে। আজ ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে আঁচল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী, ১৬৫টি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। শিক্ষা স্তরভিত্তিক চিত্রে দেখা যায়, স্কুল পর্যায়ে ১৯০ জন, কলেজ পর্যায়ে ৯২ জন, বিশ্ববিদ্যালয়ে ৭৭ জন ও মাদরাসায় ৪৪ জন আত্মহত্যা করেছেন।