চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে নারীসহ আটক ২

শিবগঞ্জ ও ভোলাহাটে পৃথক অভিযানে ৩৯ বোতল নেশাকারক সিরাপসহ এক ব্যক্তি এবং ১ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন, শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম এবং ভোলাহাটের ছোট গোপিনাথপুর গ্রামের মাতিন আলীর স্ত্রী হাসনাহেনা। আজ সকালে র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে মনাকষা শেখপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় বহনকালে ৩৯ বোতল নেশার সিরাপসহ হাতেনাতে আটক হন রফিকুল। এদিকে, প্রায় একই সময় ভোলাহাটের ছোট গোপিনাথপুর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক হন হাসনা হেনা। এসময় তাঁর স্বামী পালিয়ে যান বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। এ সব ঘটনায় সংশ্লিস্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা।