মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালাল কিউবা, নিহত ৪

মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালিয়ে চারজনকে হত্যা করেছে কিউবার নৌবাহিনী। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নিজেদের জলসীমায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা-নিবন্ধিত একটি স্পিডবোট থেকে কিউবান নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানো হলে এই পাল্টা অভিযান চালানো হয়। এতে নৌকাটিতে থাকা চারজন নিহত হন। এ ঘটনায় এক কিউবান কর্মকর্তাসহ আরও ছয়জন আহত হয়েছেন।  বুধবার এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাটি ঘটে দেশটির উত্তর উপকূলের কাছে কায়ো ফ্যালকোনেসের উত্তর-পূর্বে প্রায় এক মাইল দূরে। গোলাগুলির সময় নৌকাটি কিউবার জলসীমার ভেতরে অবস্থান করছিল বলেও দাবি করা হয়। মন্ত্রণালয় জানায়, অভিযানে জড়িত স্পিডবোটটির নিবন্ধন নম্বর তাদের কাছে রয়েছে, তবে নৌকাটিতে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরে কিউবান কর্তৃপক্ষ দাবি করে, ওই নৌকাটিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানরা ছিলেন, যারা কিউবায় অনুপ্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াএ ঘটনার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বিষয়টি তাদের নিজেদের মতো করে যাচাই করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, এটি কোনও মার্কিন সরকারি অভিযান ছিল না এবং এতে যুক্তরাষ্ট্র সরকারের কেউ জড়িত ছিলেন না। নৌকাটিতে থাকা ব্যক্তিরা মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা ছিলেন কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রুবিও আরও বলেন, খোলা সমুদ্রে এ ধরনের গোলাগুলি খুবই অস্বাভাবিক। এটা প্রতিদিন ঘটে না। এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, হোয়াইট হাউস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা চাই এটা যেন আমাদের আশঙ্কার মতো গুরুতর না হয়।

এ ঘটনার প্রেক্ষিতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জেমস উটমেয়ার জানিয়েছেন, ফেডারেল, অঙ্গরাজ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদন্ত শুরু করতে তিনি স্টেটওয়াইড প্রসিকিউশন অফিসকে নির্দেশ দিয়েছেন। এই ঘটনাটি কিউবা-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।