জিম্বাবুয়ে ম্যাচের আগে ভারতকে যে পরামর্শ দিলেন পন্টিং

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে ভারতকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, ম্যাচআপের হিসাব-নিকাশে না গিয়ে চেন্নাইয়ের কন্ডিশন অনুযায়ী ভারতের সেরা একাদশ নিয়েই মাঠে নামা উচিত। চেন্নাইয়ের ঐতিহাসিক চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে ভারত। সুপার এইটের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দলটি কিছুটা চাপে রয়েছে। আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলেন, ‘এই ধরনের ম্যাচে আমি হলে বেসিকে ফিরে যেতাম। আগে দেখতাম, চেন্নাইয়ের কন্ডিশনে আমাদের সেরা একাদশ কারা। সেই দল নিয়েই খেলতাম।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অক্ষর প্যাটেলকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। শোনা গিয়েছিল প্রতিপক্ষের বাঁহাতি ব্যাটারদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পন্টিংয়ের মতে, একজন অধিনায়কের দায়িত্ব হলো বোলারদের সঠিক সময়ে ব্যবহার করা, শুধু ম্যাচআপের ওপর নির্ভর করা নয়। তিনি আরো বলেন, ‘অক্ষর দলে থাকলে ভালো। আর আমি কুলদীপ যাদবকে দলে ফেরানোর কথাও ভাবতাম। সে ডানহাতি-বাঁহাতি যেকোনো ব্যাটারের বিপক্ষেই কার্যকর হতে পারে। স্পিনবান্ধব চেন্নাই উইকেটে কুলদীপ যাদব বড় ভূমিকা রাখতে পারেন বলেও মত পন্টিংয়ের। এদিকে ভারতের সাবেক কোচ রবী শাস্ত্রীও মনে করেন, একাদশে পরিবর্তন আনা দরকার এবং অভিজ্ঞ স্পিনারদের সুযোগ দেওয়া উচিত। তার মতে, অতিরিক্ত একজন বোলিং অপশন থাকলে দল আরও ভারসাম্যপূর্ণ হবে। সুপার এইটে টিকে থাকতে ভারতের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, পন্টিংয়ের পরামর্শ মেনে টিম ম্যানেজমেন্ট সেরা একাদশে আস্থা রাখে কিনা।