শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি আটক

শিবগঞ্জে উপজেলার বাগবাড়ি এলাকা থেকে অভিনব কৌশলে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক আসামি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি-মিয়াপুর গ্রামের মোখলেশুর রহমানের ছেলে গোলাম আজম। আজ বিকেলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে শিবগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কৃষক সেজে বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়। তিনি আরও জানান, সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা দেন আদালত। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।