চাঁপাইনবাবগঞ্জ সদরে ৬ কেজি গাঁজাসহ ১জন আটক, থানায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।
আজ সকাল সাড়ে ৯টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন একই গ্রামের বাসিন্দা মৃত মাহতাব উদ্দিনের ছেলে নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নুরুল ইসলামের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।