ভাষা শহিদদের স্মরণে সাঁওতাল জনগোষ্ঠীর ব্যতিক্রমী আয়োজন

সদর উপজেলার আমনুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহিদদের স্মরণ করেছে সাঁওতাল জনগোষ্ঠী। SIL International বাংলাদেশ ও ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রেভ্যুলেশন সংস্থার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রথমবারের মতো সাঁওতাল জনগোষ্ঠীর শিশু-কিশোরদের অংশগ্রহণে তাবিথা কিন্ডারগার্টেন স্কুল, আমনুরা মিশন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট এন্ড্রু জুনিয়র স্কুলের শিক্ষার্থী এবং আমনুরা মিশন যুব সংঘের সদস্যরা সাঁওতালি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান। তাদের এ উদ্যোগ উপস্থিত সবার মাঝে বিশেষ আবেগের সঞ্চার করে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, সাঁওতালি, বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ প্রতিযোগিতা, সাঁওতালি ভাষায় বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে অমর একুশ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু, সুপারভাইজার ইসরাইল হাজরা, আদিবাসী নেত্রী রুমালি কোল, কল্পনা কোল হাঁসদা, আদিবাসী নেতা কর্নেলিস মুর্মুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

