ভাষা শহিদদের প্রতি ‘প্রয়াস’ পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। এর অংশ হিসেবে ‘প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
সকালে সংগঠনের প্রধান কার্যালয় বেলেপুকুর থেকে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়।
প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমানের নেতৃত্বে এ সময় কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, ফারুক আহমেদ, উপ-ব্যবস্থাপক জহুরুল ইসলাম, জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইসরাত জাহান, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াস হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম লিটনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে রেডিও মহানন্দায় দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হয়, যেখানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়।