শিবগঞ্জ ও গোমস্তাপুরে  রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে শিবগঞ্জে ৩টি ফলের দোকান ও একটি হোটেল মালিককে ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে শিবগঞ্জ বাজারে চালানো অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
তিনি বলেন, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিকেলে শিবগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে ৩টি ফলের দোকানকে দেড় হাজার টাকা এবং হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি আরও বলেন, রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক আশিক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোপালসহ অন্যরা। শিবগঞ্জ থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করে।

এদিকে, গোমস্তাপুরে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শণ না করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে রহনপুর পৌর এলাকার স্টেশন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী ৩ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া তারাসহ অন্য ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে পণ্য তালিকা প্রদর্শণ করতে বলেন। অন্যথায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সর্তক করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে ভোক্তা কাছে সঠিক দামে পণ্য বিক্রির লক্ষে উপজেলা প্রশাসন বাজার তদারকি করা হয়। আজ বিকেলে রহনপুর স্টেশন বাজারে বাজার তদারকি করার সময় ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পণ্য তালিকা প্রদর্শণ না করায় অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারিক উপস্থিত ছিলেন।