শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি পালনের সার্বিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। আলোচনায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে দিবসটি শান্তিপূর্ণ ও সাফল্যমণ্ডিতভাবে পালিত হয়। এ সময় সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের প্রস্তুতি ও প্রস্তাবিত কর্মসূচি তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।