ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কেমন

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোর ঐতিহাসিক আর প্রেমাদাসা স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকলেও বড় উদ্বেগ হয়ে উঠেছে আবহাওয়া। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলম্বোয় ১০০ শতাংশ মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ১৩ শতাংশ।ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, টস অনুষ্ঠিত হবে সাড়ে ৬টায়। তবে সন্ধ্যা ৬টার দিকে—ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে— বৃষ্টির সম্ভাবনা বেড়ে দাঁড়াতে পারে ৪৯ শতাংশে। যদিও সন্ধ্যা ৭টার সময় বৃষ্টির সম্ভাবনা কমে ৯ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাসে বলা হয়েছে, তবু আকাশ পুরোপুরি মেঘে ঢাকা থাকবে। রাত ১১টা পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকতে পারে। গ্রুপ পর্বের এই ম্যাচে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে, যা গ্রুপের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। এ পর্যন্ত টুর্নামেন্টে দুই দলই অপরাজিত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে রয়েছে। তাদের নেট রান রেট +৩.০৫০। অন্যদিকে পাকিস্তান নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে, তাদের নেট রান রেট +০.৯৩২। সব মিলিয়ে মাঠের লড়াই যেমন রোমাঞ্চকর হওয়ার অপেক্ষায়, তেমনি কলম্বোর আকাশও হয়ে উঠেছে এই হাইভোল্টেজ ম্যাচের বড় অনিশ্চয়তা। এখন দেখার বিষয়, বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় নাকি দর্শকরা উপভোগ করতে পারেন আরেকটি ঐতিহাসিক ভারত–পাকিস্তান দ্বৈরথ।