প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বুবলী

‘আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’ নতুন সরকারের কাছে এমন প্রত্যাশার কথা জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।’ আগামীকাল দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে যেমন আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। তাদের মতোই বুবলীও জানালেন তার প্রত্যাশার কথা। এদিকে, নানামাত্রিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। চলতি বছরের শুরুতে ‘প্রেশার কুকার’ নামের একটি সিনেমার কাজ করছেন। সিনেমাটির পরিচালক রায়হান রাফী। ছাড়াও ‘ঢাকাইয়া দেবদাস’ নামে তিনি আরও একটা সিনেমায় অভিনয় করছেন। কাজের বাইরে সম্প্রতি গুঞ্জন ওঠেছে আবারও মা হতে যাচ্ছেন বুবলী। এরইমধ্যে তিনি নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বাও। যদিও বুবলী এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। গত বছরের শেষের দিকে ছেলে বীরকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে।পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানেরও বাবা হতে যাচ্ছেন শাকিব খান, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে। এ বিষয়ে অবশ্য শাকিবও কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি। তবে শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী।