ভোট দিতে পারছেন না শাকিব খান-আরিফিন শুভ

কাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতো শোবিজ অঙ্গনেও বইছে ভোটের হাওয়া। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, শুটিং ও ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় এবার ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভ। ঢাকা-১৭ আসনের ভোটার শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করছেন। বিগত নির্বাচনগুলোতে তিনি গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিলেও এবার ইচ্ছা থাকলেও ভোটকেন্দ্রে যাওয়া হচ্ছে না তার ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, শাকিব খান ভোট দিতে আসার চেষ্টা করেছেন, কিন্তু সামনে ঈদ; দিন-রাতে শুটিং করতে হচ্ছে তাই তিনি আসতে পারছেন না। অন্যদিকে ঢাকা-১১ আসনের ভোটার চিত্রনায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এ ছাড়া ঢাকা-১৭ আসনের আরেক ভোটার জয়া আহসানও দেশের বাইরে; তিনি ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত।