অনড় সিদ্ধান্তে শাস্তি নয় পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। উল্টো পুরস্কার হিসেবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশকে করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সংস্থাটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানোর পর গতকাল আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা হয়। আজ রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন তিনি।