ইউরিন ইনফেকশনের কারণ কি ফ্রিজের খাবার?

ব্যস্ত জীবনযাপনে ফ্রিজ এখন প্রায় অপরিহার্য। একদিনের বাজার রেখে পরের দিন রান্না গরম করে খাওয়া, এই ধরনের অভ্যাস এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। তবে জানেন কি, এই অভ্যাসই ইউরিন ইনফেকশন (ইউটিআই) এর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে? সাম্প্রতিক গবেষণা ও চিকিৎসকদের মতে, ফ্রিজে রাখা খাবারও হতে পারে ইউটিআই-এর কারণ। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এখন আর শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ৩৫ বছরে ইউরিন ইনফেকশনে আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এ সংক্রান্ত মৃত্যুও। ২০২৩ সালের ন্যাশনাল জিওগ্রাফিকের এক সমীক্ষায় জানা গেছে, যুক্তরাষ্ট্রে বছরে প্রায় পাঁচ লাখ ইউরিন ইনফেকশনের পেছনে দায়ী হচ্ছে দূষিত মাংস, এবং এই দূষণের বড় অংশই আসে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত বা রান্না করা খাবার থেকে।

 

ফ্রিজে রাখা খাবার কীভাবে ইউটিআই সৃষ্টি করতে পারে?
বেঙ্গালুরুর সিনিয়র ইউরোলজিস্ট ডা. সুরি রাজু ভি জানান, ই-কোলাই ব্যাকটেরিয়া ইউরিন ইনফেকশনের প্রধান কারণ। এই ব্যাকটেরিয়া অনেক সময় ফ্রিজে রাখা মাংস বা পোল্ট্রি খাবার থেকে শরীরে প্রবেশ করে। বিশেষ করে মুরগি বা টার্কির মতো পোল্ট্রি পণ্যে এমন কিছু এনজাইম থাকে, যা যদি ঠিকভাবে রান্না না করা হয়, তবে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবারে এই ব্যাকটেরিয়া অনুপ্রবেশ করে, এবং সেগুলো সঠিকভাবে রান্না না হলে তা অন্ত্রের সংক্রমণ সৃষ্টি করে। পরে তা মূত্রনালিতে পৌঁছে ইউরিন ইনফেকশন সৃষ্টি করতে পারে। ইউরিন ইনফেকশন নিয়ে এতদিন শুধু অপরিচ্ছন্নতা দায়ী ছিল, তবে এখন চিকিৎসকেরা বলছেন, খাবার সংরক্ষণ এবং রান্নার ভুল অভ্যাসও একইভাবে দায়ী। ফ্রিজে রাখা খাবারে ব্যাকটেরিয়া পুরোপুরি মারা যায় না, তাদের বৃদ্ধি ধীর হয়ে যায়, তাই খাবার আবার গরম করলেও ঝুঁকি থেকে যায়।

ইউরিন ইনফেকশন থেকে বাঁচতে ডা. সুরি রাজু কিছু পরামর্শ দিয়েছেন:
• কাঁচা মাংস ও সবজির জন্য আলাদা কাটিং বোর্ড, ছুরি এবং পাত্র ব্যবহার করুন।
• কাঁচা মাংস কাটার পর অবশ্যই হাত সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ধুতে হবে।
• পচনশীল খাবার দীর্ঘদিন ফ্রিজে রেখে না খাওয়া ভালো।
• পোল্ট্রি ও মাংস ভালোভাবে সিদ্ধ করে রান্না করুন।
• মাংস যতটা সম্ভব তাজা অবস্থায় রান্না করে খাওয়া উচিত।
ফ্রিজ আমাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে, কিন্তু যদি ভুলভাবে ব্যবহার করা হয়, তাহলে এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বারবার ইউরিন ইনফেকশনে আক্রান্ত হলে, আপনার ফ্রিজের খাবারই দায়ী কিনা, তা জানার জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।