র‍্যাংকিংয়ে টাইগ্রেসদের জয়- ২০৬ ধাপ এগোলেন মারুফা


মাঠে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন মিলল এবার আইসিসি র‍্যাংকিংয়েও। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মারুফা আক্তার, সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতিরা।

আজ আইসিসি নারী ক্রিকেটের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে সবচেয়ে চমকপ্রদ উন্নতি করেছেন তরুণ পেসার মারুফা আক্তার।

বাছাইপর্বে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি র‍্যাংকিংয়ের বাইরে থেকে এক লাফে ২০৬ ধাপ এগিয়ে সেরা একশতে ঢুকে পড়েছেন। বর্তমানে ৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে মারুফার অবস্থান ৯২ নম্বরে।
ব্যাটারদের মধ্যে বরাবরের মতো উজ্জ্বল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টুর্নামেন্টে ১৫৪ রান করে তিনি তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন।

তবে নজর কেড়েছেন সোবহানা মোস্তারি; আসরে দ্বিতীয় সর্বোচ্চ ২৬২ রান করে ১৬ ধাপ এগিয়ে বর্তমানে ৩৬ নম্বরে আছেন তিনি। এছাড়া ৫ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার দোলা।
তবে টুর্নামেন্টে ১৯৫ রান করলেও র‍্যাংকিংয়ে পিছিয়ে গেছেন অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তা। তিনি ১৩ ধাপ পিছিয়ে বর্তমানে ৪৮ নম্বরে অবস্থান করছেন।

বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৮ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন। এছাড়া বড় লাফ দিয়েছেন তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার; ৪৩ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৭৪ নম্বরে।