দামকুড়া থানার পলাশ মেম্বার হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

রাজাশাহীর দামকুড়া থানার চাঞ্চল্যকর পলাশ মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃতরা হলো রফিকুল ইসলাম ওরফে রাকিব ও আরিফুল ইসলাম ওরফে আরিফ। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত ১টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার দক্ষিণ কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাতে রাজশাহীর দামকুড়া থানার শিতলাই বাথানবাড়ী গ্রামে গরু ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে পলাশ মেম্বারের সঙ্গে আসামিদের তর্ক হয়। একপর্যায়ে তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত ও মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।