শাকিব খান ও অমিত হাসান এখন আমেরিকার স্থায়ী বাসিন্দা

শাকিব খান ও অমিত হাসান এখন আমেরিকার স্থায়ী বাসিন্দা ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি আমেরিকায় বসবাস করছেন। ২০২৩ সাল থেকে অমিত হাসান ও তার পরিবার যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড লাভ করেন।একইসঙ্গে ঢালিউডের আরেক জনপ্রিয় নায়ক শাকিব খানও ২০২২ সালে গ্রিনকার্ডের অনুমোদন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন অমিত হাসান। এ বিষয়ে অমিত হাসান বলেন, ‘চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম আমি ও শাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ডের অনুমোদন পাই। এরপর থেকেই বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছি। শুটিং থাকলে দেশে আসি, কাজ না থাকলে পরিবারের কাছে আমেরিকায় ফিরে যাই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে প্রথমবার স্বল্প সময়ের জন্য আমেরিকায় যান অমিত হাসান। এরপর ২০১৭ সালে স্ত্রী ও সন্তানসহ অবকাশ যাপনের উদ্দেশ্যে আবারও যুক্তরাষ্ট্রে যান তিনি। পরবর্তীতে সন্তানদের পড়াশোনার কথা মাথায় রেখে পরিবারসহ সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেন। সেই পরিকল্পনা অনুযায়ী গ্রিনকার্ডের জন্য আবেদন করেন তিনি ও তার পরিবারের সদস্যরা। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালে স্পেশাল ক্যাটাগরি (ইবি-১) ভিসার আওতায় অমিত হাসান, তার স্ত্রী ও কন্যা সন্তান গ্রিনকার্ডের অনুমোদন পান। নব্বইয়ের দশকে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই অভিনেতা এখনো নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। দেশের বাইরে অবস্থান করলেও দেশীয় সিনেমার সঙ্গে তার সংযোগ অটুট রয়েছে অমিত হাসান। এদিকে বেশ ব্যস্ততা নিয়ে কাজ করে যাচ্ছেন শাকিব খান। একের পর এক সিনেমা হিট দিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে ‘প্রিন্স’ ছবির শুটিং করছেন শ্রীলঙ্কায়। এই সিনেমায় কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু অভিনয় করছেন তার বিপরীতে। আরও আছেন তাসনিয়া ফারিণ। এছাড়াও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী কাজ করছেন সিনেমাটিতে।
‘ফিরে দেখি সালমান শাহ’

‘ফিরে দেখি সালমান শাহ’ বাংলা সিনেমার ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তিন দশক আগে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। অথচ এখনও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বছরজুড়ে কোনো না কোনো প্রেক্ষাগৃহে তার অভিনীত সিনেমা প্রদর্শিত হয়। এবার তাকে নিয়ে গোটা সপ্তাহের বিশেষ আয়োজন করেছে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাজ। ‘ফিরে দেখি সালমান শাহ’ শীর্ষক এই সপ্তাহে তারা তিনটি সিনেমা দেখাচ্ছে। এগুলো হলো ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্য নেই’। প্রতিদিন প্রতিটি সিনেমার দুটি করে শো চলছে। গেল শুক্রবার থেকে শুরু হয়ে এই আয়োজন আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত চলবে। অন্তরে অন্তরে ১৯৯৪ সালের ১০ জুন মুক্তি পায় এই সিনেমাটি। এটি পরিচালনা করছেন শিবলি সাদিক। কাহিনি লিখেছেন ফেরদৌস ও চিত্রনাট্য লিখেছেন শিবলি সাদিক। আশা প্রডাকশনস লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মেহবুব হোসেন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সালমান শাহ ও মৌসুমী। এটি দুই তারকার দ্বিতীয় সিনেমা এটি। এতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজিব প্রমুখ। স্বপ্নের পৃথিবী রোমান্টিক গল্পের সিনেমাটি ১৯৯৬ সালের ১২ জুলাই মুক্তি পায়। এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন বাদল খন্দকার। কাহিনি ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী এবং হেনরি আমিন। এতে সালমান শাহ’র নায়িকা শাবনূর। আরও অভিনয় করেছেন ববিতা, রাজীব, রাইসুল ইসলাম আসাদ, দিলদার, অমল বোস। সত্যের মৃত্যু নেই সিনেমাটি ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। এতে সালমান শাহের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন শাহনাজ। এটিই একে অন্যের বিপরীতে দুজনের একমাত্র সিনেমা। এছাড়াও এতে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, রাইসুল ইসলাম আসাদ, রাজীব ও ডন। আয়োজনটি নিয়ে এক ভিডিওবার্তায় লায়ন সিনেমাজ কর্তৃপক্ষ জানায়, ‘কিছু নায়ক সিনেমায় আসেন আর কিছু নায়ক বদলে দেন পুরো চিত্রজগৎটাই। সালমান শাহ তেমনই এক তারকা। তার নাম পুরো একটি প্রজন্মের অনুভূতি হয়ে উঠেছিল। যার বিদায় আজও কাঁদায় লাখ লাখ সিনেমাপ্রেমীকে। লায়ন সিনেমাজে আবারও তার ছবি দেখার সুযোগ এলো।
বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ভাদুর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ভাদুর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাররশিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ভাদু (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল সোয়া ৫টায় বাররশিয়া জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে গ্রামের ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, আব্দুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাব ও স্কাউট সদস্যদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাব ও স্কাউট সদস্যদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে কাব ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, আজান, কেরাত, আবৃত্তি, উপস্থাপনা, সংগীত ও নৃত্য—এই সাতটি বিষয়ে শিক্ষার্থীদের প্রতিভা মূল্যায়ন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, সহকারী লিডার ট্রেনার এ কে এম মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে তিন দিনব্যাপী কাবব্যাজ কোর্স শনিবার শেষ হয়েছে। এতে জেলার ১২টি ইউনিটের ৪১ জন কাব সদস্য অংশগ্রহণ করেন। কোর্স লিডারের দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম মাহফুজুর রহমান, গোলাম সাকলাইন, রাজিয়া সুলতানা, আব্দুর রকিব, তরিকুল ইসলাম, তোফায়েল আলম ও জয়দুল ইসলাম।

শিবগঞ্জ সীমান্তে বোনের মরদেহ দেখলেন চাচাতো ভাইসহ স্বজনরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রেজিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ দেখার সুযোগ পেয়েছেন ভারতে বসবাসকারী স্বজনরা। শনিবার দুপুর পৌনে ১টার দিকে আজমতপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৮০/১০-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি স্বজনদের দেখানো হয়। মৃত রেজিয়া বেগম শিবগঞ্জ উপজেলার রিফুজিপাড়া গ্রামের মৃত সেতাব উদ্দিনের স্ত্রী। তিনি শনিবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরদেহ দেখার অনুমতির জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে আবেদন করেন রেজিয়া বেগমের চাচাতো ভাই মো. সোবাহান। তিনি ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শ্বশানী গ্রামের বাসিন্দা এবং ওমর আলীর ছেলে। আবেদনের পর বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সীমান্তে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
আমনুরা জংশনে তেলবাহী দুই ওয়াগান লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

আমনুরা জংশনে তেলবাহী দুই ওয়াগান লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জংশনে প্রবেশের সময় একটি তেলবাহী ট্রেনের দুটি ওয়াগান লাইনচ্যুত হওয়ার ঘটনায় রহনপুর–রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার দুপুরে এই দুর্ঘটনার কারণে রাজশাহীগামী ৭৮ ডাউন কমিউটার ট্রেনটি আমনুরা জংশনে আটকা পড়ে। আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, আমনুরা পাওয়ার প্লান্টের জন্য ৩০টি বগি নিয়ে একটি তেলবাহী ট্রেন শনিবার দুপুরে আমনুরা জংশনে প্রবেশ করছিল। এ সময় জংশনে ঢোকার মুহূর্তে ট্রেনটির দুটি ওয়াগান লাইনচ্যুত হয়। এর ফলে রহনপুর–রাজশাহী রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং রাজশাহীগামী ৭৮ ডাউন কমিউটার ট্রেনটি আমনুরা জংশনে আটকা পড়ে। তিনি আরও জানান, দুপুর ১টায় ৭৮ ডাউন ট্রেনটি রহনপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে এবং বিকেল ৩টা ৪৯ মিনিটে ৭৭ আপ ট্রেন হিসেবে রাজশাহী থেকে রহনপুরের পথে ফেরার কথা ছিল। রাত পৌন ৮টার দিকে স্টেশন মাস্টার জানান, ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে বিকেল ৫টা থেকে লাইনচ্যুত দুটি ওয়াগান উদ্ধারের কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান ছিল। তবে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবজ’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অলিম্পিয়াডে জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অলিম্পিয়াডে অংশ নেয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থীরা। ৫০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই নির্বাচনী অলিম্পিয়াডের আয়োজন করে। অলিম্পিয়াড শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সুজনের সহ-সভাপতি মাসিদুর রহমান এবং সঞ্চালনা করেন সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, শাহ নেয়ামতুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক বিলকিস আরা মহুয়া, সহকারী অধ্যাপক শামিমা আক্তার জুঁই, প্রভাষক আনোয়ার হোসেন, সদর উপজেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকি আসাদ, পৌর সুজনের সভাপতি জমসেদ আলী ও পৌর সহ-সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্যরা। এ সময় অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক ও সুজন জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘুমের আগে যে ৪ অভ্যাসে সন্তান মেধাবী হবে

ঘুমের আগে যে ৪ অভ্যাসে সন্তান মেধাবী হবে শিশুদের বুদ্ধি বাড়াতে অঙ্ক, মাইন্ড গেইম যথেষ্ট ভূমিকা রাখে। তবে ঘুমানোর আগে সন্তানের সঙ্গে কিছু কাজ নিয়মিত করলেও তার মেধার বিকাশ ঘটে। বিশেষ করে পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে। আর বয়সের সঙ্গে এই বিকাশ বাড়তে থাকে। তাই ছোট থেকেই শিশুকে এমন কিছু অভ্যাস রপ্ত করান যেন তার বুদ্ধির বিকাশ ঘটে। গল্প বলুন ঘুমের আগে শিশুকে মোবাইল বা ট্যাবে বুঁদ করে রাখবেন না। ব্লু লাইট শিশুর মস্তিষ্ক ও চোখের উপর প্রভাব ফেলে। তাই ডিভাইস নিয়ে বিছানায় যাবেন না। তার বদলে গল্পের বই বেছে নিন। ছোট থেকেই সন্তানকে গল্প শোনান। আড়াই-তিন বছর বয়স থেকেই এ অভ্যাস গড়ে তুলতে পারেন। বই পড়ার অভ্যাস সন্তান নিজেই যখন থেকে বই পড়তে পারবে, তখন থেকেই হাতে গল্পের বই তুলে দিন। তখন আপনি আর গল্প শোনাবেন না। বরং, সন্তানকে ঘুমানোর আগে বই পড়ার পরামর্শ দিন। ছোট থেকে এই অভ্যাস গড়ে তুললে ঘুমোনোর সময়ে আর মোবাইল ঘাঁটবে না। একসঙ্গে গল্প করুন ঘুমানোর আগে সন্তানের সঙ্গে গল্প করুন। বিশেষ করে সারাদিন সন্তানের কেমন কাটলো, পরের দিন স্কুলে কী কী কাজ রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে গল্প করতে পারেন। দিনের শেষে এই ধরনের আলোচনা আপনাদের সম্পর্ককে আরো মজবুত করবে। মেডিটেশন রাতে ঘুমানোর আগে সন্তানকে মেডিটেশন বা ধ্যান করার অভ্যাস করান। অন্তত ১০ মিনিট মেডিটেশন অনুশীলন করাতে পারেন। এতে মন শান্ত হবে, একাগ্রতা ও মনোযোগ বাড়বে। পড়াশোনায় মন বসবে।
শিডিউল দিচ্ছেন না শাকিব, কবে আসছে ‘তুফান ২’?

শিডিউল দিচ্ছেন না শাকিব, কবে আসছে ‘তুফান ২’? প্রেক্ষাগৃহে গেল ২০২৪ সালে তাণ্ডব সৃষ্টি করেছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। ছবির শেষের দিকে সিক্যুয়েলের আভাস দেওয়ার পর থেকেই শাকিবিয়ানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘তুফান ২’-এর জন্য। সম্প্রতি এক পডকাস্টে রায়হান রাফী এই ছবির পরিচালকেরূপে ‘তুফান ২’ নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘২০২৭ সালে ‘তুফান ২’ মুক্তি পাবে। চলতি বছরের শেষে শুটিং শুরু হবে। সম্প্রতি ছবিটিকে কেন্দ্র করে শিডিউল সংক্রান্ত গুঞ্জন ছড়ায় সামাজিক মাধ্যমে। বলা হচ্ছিলো, আগামী বছরে ছবিটি আসছে না। কারণ রাফীকে শিডিউল দেননি শাকিব। এছাড়া শাকিবের অন্য সিনেমা নিয়ে তুফানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা চললেও সেখানে রাফীর নাম নেই। এ বিষয়ে তুফানের প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ‘২০২৭ সালে ‘তুফান ২’ আনার পরিকল্পনা আছে। সব ঠিক থাকলে আগামী বছর ছবিটি আসবে। সেক্ষেত্রে চলতি বছরের শেষে শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে। তিনিও পরিচালক রাফীই থাকছেন কি না সে নিয়ে মুখ খুলেননি।‘তুফান’ ছবির প্রথম পর্বে দেখা গিয়েছিল নব্বই দশকের গ্যাংস্টারের গল্প। শাকিবের বিপরীতে ছিলেন মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। এছাড়া অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী সহ আরও অনেকে।নতুন সিক্যুয়েলেও থাকবে তারকাদের ছড়াছড়ি। থাককে অ্যাকশনের চমকও।
আবারও আলোচনার কেন্দ্রে হানিয়া আমির

আবারও আলোচনার কেন্দ্রে হানিয়া আমির এক বছর পর নতুন ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ফেলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। আরেক পাকিস্তানি সেনসেশন বিলাল আব্বাস খানের বিপরীতে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে। প্রচারের শুরু থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল এই সিরিয়াল। পাকিস্তানের গণ্ডি পেড়িয়ে বাংলাদেশ ও ভারতেও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সিরিয়ালটি। বিরতির পরও যে হানিয়ার জনপ্রিয়তায় ভাটা পড়েনি, তা আবারও প্রমাণ করেছেন তিনি। এর আগে ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’–এ অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন অভিনেত্রী। আইরা ও কাময়ার চরিত্রে এই নতুন জুটির পর্দার রসায়ন শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের অভিনয় ও রোমান্টিক মুহূর্ত নিয়ে প্রশংসা থামছে না। তবে সব প্রশংসার মধ্যেও কিছু সমালোচনা রয়েছে। গল্পের ধীরগতির উপস্থাপন ও অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহারে একাংশ দর্শক মনে করছেন, চিত্রনাট্য আরও সংক্ষিপ্ত হলে সিরিয়ালটি আরও উপভোগ্য হতো। তবুও সব মিলিয়ে, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ এখন দর্শক মহলে আলোচনার শীর্ষে।