বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আসতে পারে কঠিন সিদ্ধান্ত

বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আসতে পারে কঠিন সিদ্ধান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়ে পাকিস্তান কঠোর অবস্থান নিতে পারে। তারা এই সিদ্ধান্তকে আইসিসির বৈষম্যমূলক ও অন্যায় আচরণ হিসেবে দেখছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করছে। এজন্য আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৈঠক করবে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ফেডারেল সরকার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে। পিসিবি এই পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে খেলার পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। আইসিসি নিরাপত্তার বিষয়ে কোন হুমকি না দেখায় বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনের নির্দেশ দেয় এবং স্কটল্যান্ডকে তাদের স্থলে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ক্রিকেটাররা চেয়ারম্যানের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিমুখী নীতি মেনে চলতে চায় না এবং বাংলাদেশকে বৈধ অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ করছে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ বয়কট আন্তর্জাতিক ক্রিকেটে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা প্রশাসন, নিরপেক্ষতা ও স্বচ্ছতার ওপর গুরুতর প্রশ্ন তুলবে।

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ মানুষ

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ মানুষ যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৯ লাখ বাসিন্দা। ঝড়ের প্রভাবে দেশজুড়ে বহু স্কুল ও সড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে জীবননাশের ঝুঁকিপূর্ণ’ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি কয়েক দিন ধরে চলতে পারে। এনডব্লিউএসের আবহাওয়াবিদ অ্যালিসন সান্তোরেলি বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেন, “বরফ ও তুষার খুব ধীরে গলবে এবং দ্রুত সরে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম ব্যাহত হবে।” বিবিসি জানায়, শীতকালীন ঝড়ের কারণে লুইজিয়ানায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসেও আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল বাসিন্দাদের ঘরে থাকতে এবং রাস্তায় বের না হতে সতর্ক করেছেন। তিনি বলেন, “বছরের পর বছর ধরে এটাই সবচেয়ে ঠান্ডা শীতকালীন ঝড়। যেন এক ধরনের আর্কটিক অবরোধ আমাদের রাজ্যসহ গোটা দেশকে ঘিরে ফেলেছে।” গভর্নর হোচুল জানান, এই ‘নির্মম’ আবহাওয়া দীর্ঘ সময় ধরে শীত এবং বহু বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত ডেকে আনতে পারে। “এটি হাড় কাঁপানো এবং ভীষণ বিপজ্জনক,” তিনি বলেন। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, সেখানে প্রত্যাশার তুলনায় তুষারের চেয়ে বরফ বেশি পড়ছে, যা রাজ্যের জন্য ভালো খবর নয়। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ঝড়ের সবচেয়ে বড় ঝুঁকি বরফ। এতে গাছ ভেঙে পড়তে পারে, বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সড়ক চলাচল মারাত্মকভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঝড়টি ভার্জিনিয়ায় প্রবেশ করার পর সেখানে ২০০টির বেশি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে দুইজনের মৃত্যু, নিখোঁজ ৩

গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে দুইজনের মৃত্যু, নিখোঁজ ৩ গ্রিস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিনজন এখনও নিখোঁজ রয়েছেন। নৌকায় মোট ৫০ এর বেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন। কোস্টগার্ড গতকাল এ তথ্য জানিয়েছে। উত্তর ইজিয়ান সাগরের ইক্রিয়া দ্বীপের কাছে এই দুর্ঘটনার পর এক কোস্টগার্ড মুখপাত্র জানান, ‘৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ তাদের দেখাশোনা করছে।’ তিনি আরও বলেন, ‘নিখোঁজদের সন্ধানে একটি উদ্ধার অভিযান চলমান রয়েছে। আজকের মধ্যে রেসকিউ দলের সদস্য ও ডাইভারদেরও ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।’ এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। স্থানীয় সম্প্রচারক প্রতিষ্ঠান ইআরটি জানায়, তীব্র বাতাস উদ্ধার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। ইক্রিয়া দ্বীপ তুরস্কের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত। অভিবাসন প্রত্যাশীরা প্রায়শই এই দ্বীপকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের জন্য নৌকা ছাড়ার পয়েন্ট হিসেবে ব্যবহার করে। অনেক অভিবাসী লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপ পর্যন্ত অনেক দীর্ঘ পথও পাড়ি দেয়। এই ঝুঁকিপূর্ণ নৌযাত্রা প্রায়শই প্রাণহানির কারণ হয়। ডিসেম্বরের শুরুতে ক্রিট উপকূলে একটি নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু হয় ও আরও ১৫ জন নিখোঁজ হয়। এই ঘটনায় কেবল দুই জনই বেঁচে যান। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গ্রিস উপকূলে ১০৭ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ২০১৪ সালের পর থেকে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরে প্রায় ৩৩ হাজার অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছেন।

ফিলিপাইনে যাত্রীবোঝাই ফেরি ডুবি, নিহত ১৫

ফিলিপাইনে যাত্রীবোঝাই ফেরি ডুবি, নিহত ১৫ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে যাত্রীবোঝাই একটি ফেরি ডুবির ঘটনায় ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ স্থানীয় সময় ভোরবেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং ফিলিপাইন কোস্টগার্ড বাহিনীর বাসিলান শাখার কর্তৃপক্ষ জানায়, ফেরিটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ ছিলেন। দুর্ঘটনা ঘটার পর থেকে এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৪৩ জন। এছাড়া জীবিত অবস্থায় এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৩৮ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা। প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার স্থানীয় সময় ভোরের দিকে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের সেই ফেরিটি; কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— তা এখনও জানা যায়নি। কোস্টগার্ড ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আপতত তারা ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে মনোযোগ দিচ্ছেন। দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ এএফপিকে বলেছেন, “আমরা এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।” তিনি আরও বলেন, “উদ্ধার তৎপরতায় গতি আনতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই মূহূর্তে আমাদের কর্মীসংকট চলছে। উদ্ধার তৎপরতাকে গতিশীল করতে আমরা মিন্দানাও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সঙ্গে যৌথভাবে তৎপরতা চালাচ্ছি। মিন্দানাও প্রাদেশিক কর্তৃপক্ষ এই তৎপরতার সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছে।”

জানুয়ারির মধ্যে আবাসন চুক্তি না হলে হজে যাওয়া অনিশ্চিত

জানুয়ারির মধ্যে আবাসন চুক্তি না হলে হজে যাওয়া অনিশ্চিত চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বড় ধরনের ঝুঁকির কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ২৮ জানুয়ারির মধ্যে মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসনের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজযাত্রীরা হজ পালন করতে পারবেন না, এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ বিষয়ে ২৪ জানুয়ারি বেসরকারি হজ ব্যবস্থাপনায় যুক্ত সব লিড ও সমন্বয়কারী এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চিঠিতে উল্লেখ করা হয়, এখনো অনেক লিড এজেন্সি তাদের আওতাধীন হজযাত্রীদের আবাসন চুক্তি সম্পন্ন করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি এই দুই মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে যাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে হজে যাবেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও তাদের একটি বড় অংশের জন্য মক্কা-মদিনায় আবাসন নিশ্চিত করা হয়নি। চিঠিতে আরো বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। গত ২৩ জানুয়ারি জেদ্দায় অনুষ্ঠিত জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক স্পষ্টভাবে জানান, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসন চুক্তির অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। নির্ধারিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর আবাসন চুক্তি সম্পন্ন হবে না, তারা হজ পালনের সুযোগ হারাতে পারেন বলেও তিনি সতর্ক করেন। তবে চিঠিতে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় সব হজযাত্রীর জন্য মক্কা ও মদিনায় আবাসনের চুক্তি ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় থাকা হজযাত্রীদের জন্য আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবাসন চুক্তি সম্পন্ন করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে সমন্বয়কারী এজেন্সিগুলোকে তাদের সংশ্লিষ্ট লিড এজেন্সিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবাসন চুক্তি শেষ না হলে ভবিষ্যতে সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনায় তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।

নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবেন ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭ হাজার ৪৫৭ জন। এছাড়া, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। আজ নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। এর আগে রবিবার ২৫ জানুয়ারি ঢাকায় বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফ করে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৬ জন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য দায়িত্বে থাকবেন বলে জানান নির্বাচন কমিশনার। পাশাপাশি প্রায় ৮ লাখ কর্মকর্তা নির্বাচনি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা থাকবেন ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন। এছাড়া, পোস্টাল ভোট ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবেন প্রায় ১৫ হাজার কর্মকর্তা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। এছাড়া, নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এ ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। এর পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিনের ছুটি ভোগ করবেন। অন্যদিকে শিল্পাঞ্চলে কর্মকর্তা-কর্মচারীরা ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন।

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় গণভোট-২০২৬ উপলক্ষে সেনাসদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সেনাসদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। মতবিনিময় সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ’র ৫০ সাংবাদিকের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ’র ৫০ সাংবাদিকের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাজশাহীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে রাজশাহী সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৪ ও ২৫ জানুয়ারী ২ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (শিক্ষা) প্রফেসর মোহাঃ ফরিদ উদ্দিন খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে একটি সুখী, সমৃদ্ধ, দূর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে)’র সভাপতি মুহা.আব্দুল আওয়াল। প্রশিক্ষনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৫০জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিগন। দু’দিনে প্রশিক্ষন প্রদান করেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ শারমীন রিনভী ও এটিএন বাংলার চীফ রিপোর্টার একরামুল হক সায়েম।

শিবগঞ্জে নেশাজাতীয় ট্যালট ও সিরাপ জব্দ করেছে বিজিবি

শিবগঞ্জে নেশাজাতীয় ট্যালট ও সিরাপ জব্দ করেছে বিজিবি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের একটি আমবাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে বিজিবি।  রবিবার ভোরে এগুলো জব্দ করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, বাগিচাপাড়ায় আমবাগানে নেশাজাতীয় ট্যালেট ও সিরাপ মজুত করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জায়গাটি সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের ভেতরে। আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। অভিযানে ৩ হাজার ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন ও ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। তবে চোরাকারবারিরা পালিয়ে যায়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।