দেশে ফিরলেন ভারতে আটকে থাকা ১২৮ মৎস্যজীবী

দেশে ফিরলেন ভারতে আটকে থাকা ১২৮ মৎস্যজীবী প্রতিবেশী রাষ্ট্র ভারতে আটকে থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে গণমাধ্যমের কাছে মৎস্যজীবীদের দেশে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় এই মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে। একই প্রক্রিয়ায় বাংলাদেশে আটকে থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকেও ভারতে ফেরত পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সমুদ্রসীমা বরাবর বাংলাদেশ কোস্ট গার্ড, ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করে। একই সময়ে ভারতের মালিকানাধীন দুইটি ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, এই প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে।
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, বৈঠকে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।
কারাগারে নাচোলের সাবেক ইউএনও কামাল হোসেন

কারাগারে নাচোলের সাবেক ইউএনও কামাল হোসেন চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে দুদকের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. কামাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলায় কামাল হোসেন গতবছরের ১৫ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। পরে ২৩ ডিসেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতার শর্তে ডিএনএ পরীক্ষা পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। তবে দুই দফায় জামিনের শর্ত পালন না করায় দুদকের পক্ষ থেকে জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত কামাল হোসেনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৬ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে এই মামলাটি করেন। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ / ৪৬৭ / ৪৬৮ / ৪৭১ ধারার অভিযোগ আনা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, মো. কামাল হোসেনের প্রকৃত জন্মদাতা পিতা মো. আবুল কাশেম ও মা মোছা. হাবীয়া খাতুন। কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ-সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা সাজান। এই জালিয়াতির মাধ্যমেই তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি পান। খবর বাসসের। উল্লেখ্য, মো. কামাল হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছিলেন।
নাচোলে সরকারি গোখাদ্য পাচারের সময় হাতেনাতে আটক ২

নাচোলে সরকারি গোখাদ্য পাচারের সময় হাতেনাতে আটক ২ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি বরাদ্দের গোখাদ্য (ফিড) পাচারের চেষ্টার সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলীসহ চার স্টাফকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে যৌথবাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করে থানায় নেয়া হয়। পরে মুচলেকা দিয়ে তারা মুক্তি পেলেও পাচারের সঙ্গে জড়িত ক্রেতা ও চালককে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে সরকারি গোখাদ্য পাচারের উদ্দেশ্যে একটি ভুটভুটিতে তোলা হচ্ছিল। এসময় রেলস্টেশন বাজার এলাকার পাহারাদার দোষ মোহাম্মদ ও খাদ্য গুদামের লেবার সরদার রিপন আলীর বিষয়টি নজরে আসে। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পাচারকারীদের ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ গোমস্তাপুর উপজেলার বচনাতলা গ্রামের ফারিকুল (ভুটভুটি চালক) এবং ফিড ক্রেতা বোয়ালিয়া গ্রামের গাজু আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে বুধবার সকাল থেকে এলাকার বিক্ষুব্ধ জনতা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে জমায়েত হতে থাকে। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী ও তার স্টাফরা দপ্তরের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার যৌথবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান। তিনি বলেন, ডা. কাউসার আলীসহ তার ৪ স্টাফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আটককৃত ভুটভুটি চালক ও ক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ডা. কাউসার আলীর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। রাতের আঁধারে সরকারি বরাদ্দ চুরির এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দিলেন মহাপরিচালক

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দিলেন মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদরের মহাপরিচালক হাসান মারুফ বুধবার চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। সফরকালে তিনি সংস্থাটির জেলা কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে উপস্থিত হলে তাকে গার্ড অব অনার (স্যালুট) প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরিদর্শন শেষে মহাপরিচালক জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মাদক নিয়ন্ত্রণে করণীয় বিষয়সমূহ নিয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলায় মাদকবিরোধী কার্যক্রমের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিগত এক বছরের মাদকবিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন। উপস্থাপিত কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। মহাপরিচালক হাসান মারুফ মহোদয় কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শোনেন এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করার লক্ষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
গোবরাতলায় ভোটার উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক তথ্য অফিসের

গোবরাতলায় ভোটার উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক তথ্য অফিসের চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা মধ্যপাড়ায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বক্তব্য দেন— জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মোসা. নাজনীন নাহার। উঠান বৈঠকে বক্তারা গণভোট কী?, গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিলে দেশে কী কী সংস্কার হবে তা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং না-এর পক্ষে ভোট দিলে কিছুই হবে না তা উল্লেখ করেন। শেষে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
সদরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণ শুরু

সদরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্যাচভিত্তিক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রিজাইডিং কর্মতকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদ। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ৫৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম, র্যাব-৫’র চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মো. ফাহাদুজ্জামান আকন্দ। জেলা প্রশাসক ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্ভয়ে নির্বাচনী আইন মেনে ভোটগ্রহণ করার জন্য আহ্বান জানান। অন্যদিকে জেলা শহরের গ্রিনভিউ স্কুলে সহকারী প্রিজাডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। জেলা নির্বাচন অফিসার মো. আজাদুল হেলাল জানান, ৫ দিনের প্রশিক্ষণে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিংদের দিনব্যাপী ও পোলিং কর্মকর্তাদের অর্ধদিবস করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের ১৪ অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের ১৪ অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে আঘাত হানা শক্তিশালী তুষারঝড়ে এ পর্যন্ত ১৪টি অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম। তুষারপাত, বরফাচ্ছন্ন রাস্তা ও হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নিউইউর্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জানান, আট বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি ফারেনহাইটে। এছাড়াও নিহতদের সবাইকে বাইরে পাওয়া গেলেও তারা গৃহহীন ছিলেন কি না তা নিশ্চিত নয় প্রশাসন। একইসাথে নিউইয়র্ক সিটিতে সবচেয়ে বেশি ১০ জন মারা গেছেন বলে জানিয়েছেন মামদানি। শুক্রবার শুরু হওয়া এই ঝড় সপ্তাহান্তে বড় পরিসরে তুষারপাতে রূপ নেয়। এতে সড়কের যোগাযোগ ব্যাহত হয়, বহু ফ্লাইট বাতিল এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সোমবার ঝড়ের তীব্রতা কমলেও হাড়কাঁপানো ঠান্ডা রয়ে গেছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক ফুটেরও বেশি তুষারপাতের পর সাউথ বোস্টনে গাড়ি তুষারমুক্ত করতে ব্যস্ত বাসিন্দারা। মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে পাঁচ লাখ ৫০ হাজারের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। যার জন্য শহরগুলোতে জরুরি সেবা প্রদানকারী দল মোতায়েন করা হয়েছে যারা বিশেষ করে গৃহহীনদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। চরম আবহাওয়ার কারণে নিউইয়র্ক সিটির আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের বাধ্যতামূলক গৃহহীন গণনা ফেব্রুয়ারির শুরুতে পিছিয়েছে। মামদানি জানান আউটরিচ কর্মীদের তথ্য সংগ্রহ নয় বরং আমাদের মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়াতেই মনোযোগ দেওয়া উচিত। শহরের তিনটি আশ্রয়কেন্দ্র ও দুটি অতিরিক্ত কেন্দ্র মিলিয়ে প্রায় ১ হাজার ৪০০ গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছেন। এই গৃহহীন মানুষদের জন্য পুলিশ, দমকল ও জরুরি সেবা প্রদানকারী কর্মীরা অতিরিক্ত সময় কাজ করছেন। ন্যাশভিল রেসকিউ মিশনে সাধারণত রাতে ৪০০ জন মানুষ থাকলেও এই শৈত্যপ্রবাহে সংখ্যাটি বেড়ে প্রায় ৭ হাজারে পৌঁছেছে। সারা দেশে তুষারঝড় সম্পর্কিত মৃত্যুর কারণ হিসেবে হাইপোথার্মিয়া, অতিরিক্ত ঠান্ডায় হৃদরোগজনিত জটিলতা এবং বরফ পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনার কথা জানানো হয়েছে। সপ্তাহান্তে টেক্সাসের বোনহ্যামে বরফে জমা একটি পুকুরে পড়ে তিন কিশোরের মৃত্যু হয়। কানসাস, কেনটাকি, লুইজিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও মিশিগানেও এমন মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরেকটি তুষারঝড় আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করছেন। এখনও অন্তত ২০ কোটি আমেরিকান কোনো না কোনো শীত সতর্কতার আওতায় আছেন, যা ১ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে।
মার্কিন মুলুকে মুখোমুখি বরিশালের দুই তারা

মার্কিন মুলুকে মুখোমুখি বরিশালের দুই তারা নাটক-সিনেমায় তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন বরেণ্য অভিনেত্রী তানিয়া আহমেদ। নির্মাতা হিসেবেও তার আলাদা পরিচিতি রয়েছে। অন্যদিকে, চলচ্চিত্রের জনপ্রিয় মুখ জায়েদ খান। অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায়। মজার ব্যাপার হলো—এই দুই তারকা বরিশাল অঞ্চলের মানুষ। তানিয়া আহমেদের জন্ম পটুয়াখালীতে, আর জায়েদ খানের শৈশব-কৈশোর কেটেছে পিরোজপুরে। সেই বরিশালের দুই তারকাই এবার মুখোমুখি হয়েছেন সাত সাগর তেরো নদীর ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে। জায়েদ খানের উপস্থাপনায় নির্মিত জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন তানিয়া আহমেদ। প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারিত হওয়ার পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে অনুষ্ঠানটি। বিশেষ এই পর্বে উপস্থাপক জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তানিয়া আহমেদ তুলে ধরেছেন তার দীর্ঘ অভিনয়জীবনের গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের নেপথ্যের নানা কথা এবং কিছু অজানা মুহূর্ত। খোলামেলা আলোচনা, আন্তরিক কথোপকথন আর তারকাখচিত উপস্থিতিতে পর্বটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, অনুষ্ঠানটি আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। একই বছরের আগস্ট মাসে দেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি আর বাংলাদেশে ফিরেননি। মাতৃভূমিতে ফেরার আগ্রহ থাকলেও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। সেখান থেকেই শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।
দক্ষিণ কোরিয়ার কাছে বিটিএস কনসার্ট চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার কাছে বিটিএস কনসার্ট চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট চার বছর বিরতির পর মঞ্চে ফিরছে দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড দল বিটিএস। কে-পপ ব্যান্ডটির কনসার্টের টিকিট নিয়ে এমন হাহাকার চলছে যে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার দেশে বিটিএসের কনসার্টের শো আরো বাড়ানোর জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার (২৬ জানুয়ারি) মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, “আমি কোরিয়ার প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখেছি… আমি এখনও উত্তর পাইনি, তবে আশা করি এটি ইতিবাচক হবে।” র বছরের বিরতির পর বিটিএস তাদের ৭৯ দিনের বিশ্ব সফরের অংশ হিসেবে মে মাসে মেক্সিকো সিটিতে তিনটি শো করবে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টিকিট ছাড়ার ৪০ মিনিটেরও কম সময়ের মধ্যে সব শেষ হয়ে গেছে। কিছু ভক্ত টিকিটমাস্টার এবং রিসেলার প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে টিকিটের মূল্য বাড়িয়ে বিক্রির অভিযোগ তুলেছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অফিসিয়াল বিক্রয় মাধ্যম টিকিটমাস্টারে টিকিটের দাম ১ হাজার ৮০০ পেসো থেকে ১৭ হাজার ৮০০ পেসো (১০০ ডলার থেকে ১ হাজার ৩০ ডলার) এর মধ্যে থাকলেও, রয়টার্সের তথ্য অনুযায়ী রিসেল প্ল্যাটফর্মগুলোতে সেগুলো ১১ হাজার ৩০০ থেকে ৯২ হাজার ১০০ পেসোতে বিক্রি হয়েছে। টিকিট প্রক্রিয়ায় ‘অসাধু আচরণের’ জন্য মেক্সিকোর ভোক্তা সুরক্ষা সংস্থা রিসেল প্ল্যাটফর্ম স্টাবহাম ও ভায়াগোগো-কে জরিমানা করেছে। সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট শিনবাউম জানান, প্রায় ১০ লাখ তরুণ-তরুণী বিটিএস কনসার্টের দেড় লাখ টিকিটের জন্য লড়াই করেছে। তিনি বলেন, “বিটিএস ব্যান্ড দলটি মেক্সিকান তরুণদের কাছে খুবই জনপ্রিয়।” স্পটিফাই-এর তথ্যানুযায়ী, মেক্সিকো হলো কে-পপের বিশ্বের পঞ্চম বৃহত্তম বাজার। গত পাঁচ বছরে দেশটিতে এই ঘরানার গানের স্ট্রিমিং ৫০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় কনসার্ট আয়োজক ওসেসা যখন জানায় যে ব্যান্ডের ব্যস্ত সূচির কারণে নতুন শো যোগ করা অসম্ভব, তখন শিনবাউম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং-এর কাছে চিঠি লেখেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ২০২২ সালের জুন মাস থেকে বিটিএস দলগতভাবে কোনো গান প্রকাশ করেনি, কারণ তারা ব্যক্তিগত ক্যারিয়ারে মনোযোগ দিতে বিরতি নিয়েছিল। সাত সদস্যের ব্যান্ড দলটির কামব্যাক ট্যুর আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াং স্টেডিয়ামে তিন রাতের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে। এরপর এশিয়া, ইউরোপ ও আমেরিকা মাতাতে বৈশ্বিক সফর শুরু করবে বিটিএস। বিলবোর্ডের তথ্যমতে, এই সফরে মার্চেন্ডাইজ, লাইসেন্সিং, অ্যালবাম বিক্রি ও স্ট্রিমিং রাজস্ব থেকে বিটিএস ও তাদের রেকর্ড লেবেল হাইব ১০০ কোটি ডলারেরও বেশি আয় করতে পারে।