শিবগঞ্জে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

শিবগঞ্জে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লা আল আজাদী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে উপজেলার ২০ কৃষককের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২৫ কেজি করে ইউরিয়া, ডিএপি, এমওপি ও জিপসাম, ১ কেজি করে জিংক-বোরন, ২’শ কেজি জৈব সার, ৭ কেজি বালাইনাশক, ১টি সাইনবোর্ড এবং ৩০ জন কৃষককে ১’শ কেজি হলুদের বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।

গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আব্দুল হামিদ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী – এলজিইডি আছহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহহ অন্যরা। সভায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ৪০০ পিস ইয়াবা ও নগদ ২ লক্ষ ২ হাজার ১১০ টাকা সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো. সোহেল রানা। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িথ থাকার অভিযোগ দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে নয়ালাভাঙ্গা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সুহেলকে ইয়াবা ও টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর হয়েছে।

শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন সুবিধা বাতিল

শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন সুবিধা বাতিল শ্রীলঙ্কায় সাবেক সংসদ সদস্য এবং প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রীদের জন্য নির্ধারিত পেনশন সুবিধা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে কোনো সাবেক এমপি বা প্রয়াত এমপির স্ত্রী আর সরকারি আর্থিক সুবিধা পাবেন না। বিচারবিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা আজ পার্লামেন্টে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, ‘জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক দেখেন, তখন তারা মনে করেন এমপিরা পেনশন পাওয়ার যোগ্য নন।’ এর আগে গতকাল পার্লামেন্টে এমপিদের পেনশন বাতিল সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয় এবং তা পাস হয়। ২২৫ আসনের সংসদে ১৫৪ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন। ২০২১ সালের পর থেকে করোনাভাইরাস মহামারি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি গভীর সংকটে রয়েছে। এ প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে। দায়িত্ব গ্রহণের পর তিনি ধাপে ধাপে এমপিদের আবাসন, যানবাহন ও দেহরক্ষীর সুবিধা বাতিল করেন। সর্বশেষ পেনশন সুবিধাও বাতিল করা হলো। তবে বিলটির বিরোধিতা করেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। পার্লামেন্টে তিনি বলেন, ‘পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এটি বাতিল হলে তারা দ্বিধাহীনভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন।

নায়ক সোহমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

নায়ক সোহমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন অভিনেতা শাহিদ। গত ১৬ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে মামলাটি করেন তিনি। শোবিজ অঙ্গনে সবাই তাকে শুভম নামেই চেনেন। সোহমের সঙ্গে দীর্ঘ দিনের পরিচয় শাহিদের। সেই সুবাদে ২০২১ সালে অভিনেতা-প্রযোজক সোহমকে ৬৮ লাখ রুপি ধার দেন। অভিনয়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যুবনেতাও শাহিদ। ২০২৩ সালে এসএসসিকাণ্ডে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছর মুক্তি পান তিনি।  শাহিদ বলেন, “সংশোধনাগারে থাকার ফলে টাকা ফেরত চাইতে পারিনি। ২০২৩ সালে জামিন পাই। সংশোধনাগার থেকে বেরিয়ে সোহমের সঙ্গে যোগাযোগ করি। ওর কাছে টাকা ফেরত চাই। সেই সময় দুই দফায় মোট ২৫ লাখ রুপি ফেরত দিয়েছিল, তারপর থেকে ও নীরব।”দু’বছর অপেক্ষার পর বাধ্য হয়ে গত সোমবার সোহমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন শাহিদ। মঙ্গলবার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলেও জানান শাহিদ। শাহিদ একাধিকবার পুরো টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেননি সোহম। উল্টো অভিনেতা তাকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ শাহিদের। তবে হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন সোহম চক্রবর্তী। এ অভিনেতা বলেন, “হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা। টাকা ফেরত দেব একাধিকবার জানিয়েছি। নির্বাচনের আগে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।” ঋণ নেওয়ার কথা স্বীকার করেছেন সোহম। ঋণ নেওয়ার কারণ ব্যাখ্যা করে এই বিধায়ক বলেন, “২০২১ সালে ‘পাকা দেখা’ সিনেমার জন্য ৬৮ লাখ রুপি ঋণ নিয়েছিলাম শাহিদের কাছ থেকে। ওর আরো বেশি অর্থ দেওয়ার কথা ছিল। পরে সেটা দেননি। তখন অন্যদের থেকে বাকি অর্থ জোগাড় করি।” ঋণের একটি অংশ পরিশোধ করেছেন সোহম। তা জানিয়ে এই নায়ক বলেন, “এরপর ২৫ লাখ রুপি ফেরত দিয়েছি। বাকি ৪৩ লাখ রুপি মিটিয়ে দেব, বার বার বলেছি শাহিদকে। আমার কয়েকটি সিনেমা আটকে আছে। বাংলা সিনেমার ব্যবসার অবস্থাও সকলের জানা। ফলে সিনেমাগুলো মুক্তি না পেলে বা হাতে অর্থ না এলে কী করে ঋণ পরিশোধ করব? শাহিদ আমার অবস্থাটাই বুঝলেন না!” বিষয়টি আদালতে গড়িয়েছে। ফলে আইনিভাবে মোকাবিলা করবেন সোহম। তার মতে, “আইনি নোটিস পেয়েছি। আমার আইনজীবী বিষয়টি দেখছেন। শাহিদ আইনি পথে হাঁটলে আমিও আইনি পদক্ষেপ নেব। তবে উনি কোন কালে যুবনেতা ছিলেন, তা জানি না।” কিছুদিন পরই রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই মামলা সোহমকে বিতর্কের মুখে ফেলার রাজনৈতিক অপচেষ্টা হতে পারে বলেও মন্তব্য সোহমের। আক্ষেপের স্বরে এ নায়ক জানান, সামনে নির্বাচন আসছে বলেই হয়তো পূর্বপরিকল্পিতভাবে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।

আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন: কনকচাঁপা

আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন: কনকচাঁপা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন তারেক রহমান। তাকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী কনকচাঁপা। সামাজিকমাধ্যমে দেওয়া তার বার্তাটি মুহূর্তেই নেটিজেনদের নজরকাড়ে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পুরো পৃথিবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমিন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় বৈঠকে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।

‘বাচ্চারা পড়তে বসো, এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই’

‘বাচ্চারা পড়তে বসো, এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই’ নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর শিক্ষাব্যবস্থার সম্ভাব্য কঠোরতা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। সেখানে তিনি উল্লেখ করেন, ‘বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই!’ পোস্টের সঙ্গে সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন-এর একটি ছবিও যুক্ত করেন তিনি। অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে অভিনেতা লেখেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্য ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া চোখে পড়ে। কেউ পুরোনো দিনের কঠিন পরীক্ষাব্যবস্থার প্রসঙ্গ তুলেছেন, আবার কেউ রসিকতার সুরে জানতে চেয়েছেন, সবাই যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়, তবে নাটক দেখবে কে। সব মিলিয়ে ইরফান সাজ্জাদের এই বার্তা সামাজিক মাধ্যমে নতুন করে শিক্ষাব্যবস্থা ও পড়াশোনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।        

জিতলে সুপার এইট, হারলেই বিদায় পাকিস্তানের

জিতলে সুপার এইট, হারলেই বিদায় পাকিস্তানের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয়, এরপর যুক্তরাষ্ট্রকে হারানো, তবে সবশেষে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ। এমন ওঠানামার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সুপার এইটে ওঠার ভাগ্য এখন ঝুলে আছে শেষ ম্যাচের ওপর। কলম্বোর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে আজ বিকেলে নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে এটিই তাদের শেষ ম্যাচ। সুপার এইট নিশ্চিত করতে হলে এই ম্যাচে অন্তত পরাজয় এড়াতেই হবে সালমান আলি আগার দলকে। এখন পর্যন্ত তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় দল হিসেবে শেষ আটে ওঠার লড়াইয়ে রয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। চার ম্যাচে দুই জয় নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। সমান দুই জয় থাকলেও তিন ম্যাচ খেলা পাকিস্তান নেট রান রেটে পিছিয়ে থাকায় রয়েছে তৃতীয় স্থানে। এ অবস্থায় নামিবিয়ার বিপক্ষে জয় পেলেই যুক্তরাষ্ট্রকে টপকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট নিশ্চিত করবে পাকিস্তান। তবে হারলে পরিস্থিতি হবে ভিন্ন। নেট রান রেটে আগে থেকেই পিছিয়ে থাকায় পরাজয় আরও বড় ধাক্কা দেবে তাদের সম্ভাবনায়। সেক্ষেত্রে তিন নম্বরেই থেকে বিদায় নিতে হবে। কাগজে-কলমে শক্তির বিচারে নামিবিয়ার চেয়ে এগিয়ে পাকিস্তান। তবে আগের বিশ্বকাপে সহযোগী সদস্য দেশের বিপক্ষে হারের অভিজ্ঞতা তাদের সতর্ক রাখবে নিশ্চিতভাবেই। তাই মাইক হেসনের দল এই ম্যাচে বাড়তি মনোযোগ নিয়েই নামবে। সুপার এইটের লড়াই সামনে রেখে একাদশে পরিবর্তন আনতে পারে পাকিস্তান। বাবর আজম, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি বাদ পড়তে পারেন। সুযোগ পেতে পারেন খাওয়াজা নাফে, ফাখার জামান ও নাসিম শাহ। পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম অথবা খাওয়াজা নাফে, শাদাব খান অথবা ফাখার জামান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, উসমান তারিক, আবরার আহমেদ। নামিবিয়ার সম্ভাব্য একাদশ ইয়ান ফ্রাইলিংক, লরেন স্টিনকেম্প, ইয়ান নিকোল লফটি-ইটোন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, জেন গ্রিন (উইকেটরক্ষক), ডায়লান লেচার, রুবেন ট্রাম্পলম্যান, উইলেম মাইবার্গ, বার্নার্ড স্কোলজ, জ্যাক ব্রাসেল।

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাঘিনীরা

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাঘিনীরা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়াকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। ম্যাচ সেরা হয়েছেন লতা মণ্ডল। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন লতা মণ্ডল। পাঁচ নম্বরে নেমে ৪৪ বল মোকাবেলা করে হাঁকান চারটি চার। এছাড়া অধিনায়ক ফাহিমা খাতুন ২৪ বলে করেন ২৯ রান। ২৫ বলে ৩০ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। ১১ বলে ১৯ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া ১১ বলে ১৪ রান করেন রুবিয়া হায়দার। জবাব দিতে নেমে মালয়েশিয়ার নারীরা শুরু থেকেই ছিলেন চাপে। মালয়েশিয়া ‘এ’ দলের পক্ষে দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু নূর আরিয়ান্না নাতসিয়া। ২৪ বল খেলে ২২ রান করে তিনি থাকেন অপরাজিত। এ ছাড়া বাকি সবাই থেমেছেন এক অঙ্কের ঘরে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান দাঁড়ায় মালয়েশিয়ার সংগ্রহ। বাঘিনীদের পক্ষে ফাতেমা জাহান তিনটি ও শরিফা খাতুন দুটি উইকেট পান। হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নারীরা আগামী ২০ ফেব্রুয়ারি সেমিফাইনালে লড়বে পাকিস্তানের বিপক্ষে।

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমি অবশ্যই স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করবো, সেই কারণেই আমি এখানে। এ মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট থাকবে না। আমাদের কাজে সিন্ডিকেটের কোনো প্রভাব পড়বে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না ইনশাআল্লাহ।  স্বাস্থ্য খাতের অগ্রাধিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতির ব্যাপারে আপনাদের আশ্বস্ত করি, স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হবে। এখানে কোনো দুর্নীতি এবং সিন্ডিকেট থাকবে না। আগামীদিনের পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুর্নীতিমুক্ত করব, স্বাস্থ্য সেবা উন্নত করব, মানুষের কাছে কীভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় সেটা খুঁজে বের করবো। তিনি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী আমাকে একটি গুরু দায়িত্ব দিয়েছেন। আমি যেদিন ওনার সন্তুষ্টি অর্জন করতে পারব, যখন দেশের মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারব, সেদিন আমি আমার তৃপ্তি বুঝতে পারবো। নিজের চিকিৎসা দেশে করাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু হলেই বিদেশে যেতে হবে সেটা আমি বিশ্বাস করি না। দোয়া করবেন আমার যেন সেরকম কোনো রোগ না হয়।  দোয়া করবেন আল্লাহ যেন কিছুদিন হায়াত দেন।