এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া গেলেন নান্দাইলের ৩ কন্যা

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া গেলেন নান্দাইলের ৩ কন্যা ময়মনসিংহের নান্দাইলের হতদরিদ্র পরিবারের তিন কন্যা আজ নিজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভার আলো ছড়াচ্ছেন। জাতীয় নারী ফুটবল দলের হয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের সঙ্গে। সেখানে আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত তিন শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। জানা যায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালি অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। আর এই দলে রয়েছে ময়মনসিংহের নান্দাইলের তিন কন্যা। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে রওনা হয়েছেন কোচ পিটার বাটলার। ৩ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৯ মার্চ প্রতিপক্ষ পাঁচবার এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান। ২৬ সদস্যের দলে রয়েছেন- নান্দাইলের নারী ফুটবল দলের রত্ম গোলরক্ষক মিলি আক্তার, স্ট্রাইকার হালিমা আক্তার ও মীডফিল্ড সৌরভী আকন্দ প্রীতি। বাছাই পর্বে এই জন ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তাদের বাড়ি তিনটি ভিন্ন ইউনিয়নে। চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম গ্রামের কলা বিক্রেতা মো. সামছুল হকের মেয়ে মিলি আক্তার এই দলের দ্বিতীয় গোলরক্ষক। অথচ সেই ঘর থেকেই উঠে এসে মিলি এখন জাতীয় গর্ব। ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপের পর আলোচনায় আসেন তিনি। এরপর বাংলাদেশ সেনাবাহিনী দলে সুযোগ পেয়ে চাকরিও পান। তার পারফরম্যান্সে চলতি এশিয়ান কাপ বাছাইপর্বেও দলে জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। অপর দিকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মেয়ে প্রীতি মিডফিল্ডে খেলেন। বাবা আবুল কালাম আকন্দ একজন হতদরিদ্র কৃষক। ২০১৮ সালে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় নান্দাইলের পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯ ও সর্বশেষ জাতীয় দলে জায়গা পান। অনূর্ধ্ব-১৫ সাফে হ্যাটট্রিকসহ ৪ গোল করে তাক লাগান। ২০২৩ সালে সিঙ্গাপুরে এশিয়ান বাছাইপর্বে ছিলেন অপ্রতিরোধ্য। শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মেয়ে হালিমা আক্তার। বাবা দুলাল মিয়া একজন হতদরিদ্র মানুষ। তিন বোনের মধ্যে হালিমা দ্বিতীয়। ছোট বোন পান্নাও স্থানীয় পর্যায়ের একজন পরিচিত ফুটবলার। হালিমা ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। এর বাইরে ভুটান, জর্ডান ও দুবাইয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। জাতীয় দলে সুযোগ পেয়েই মধ্যমাঠে নজরকাড়া পারফরম্যান্স করছেন।
‘বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ২ ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল’

‘বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ২ ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল’ নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ দল। এ নিয়ে নতুন করে আলোচনা উসকে দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিশ্বকাপ খেলতে না পারার সেই কষ্ট নিয়ে এবার মুখ খুললেন মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, ‘কলকাতা ও শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক দারুণ হতো। আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। খেলা যেরকম মান হচ্ছে সে অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল।’ তিনি আরো বলেন, ‘এখন আফসোস করে তো লাভ নাই। টি-টোয়েন্টি দল হিসেবে আমাদের দলটা অনেক গোছানো ছিল এবং এই বিশ্বকাপটা ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। কিন্তু আমার মনে হয় যে উইকেটটাও আমাদের ফেভারে ছিল। সবদিক দিয়ে আমার মনে হয় যে আমাদের ভালো করার সুযোগ ছিল।’ দুই জন ক্রিকেটার বিশ্বকাপ খেলতে না পারায় কোমাতে চলে গিয়েছিল বলেও জানালেন সালাউদ্দিন, আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় প্রায় কোমাতে চলে গেছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। যে সে মাঠে আসছে এবং এসে আবার রান করেছে। সালাউদ্দিন বলেন, ‘একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা বিশ্বকাপ খেলার।
আজ শুরু সুপার এইটের লড়াই

আজ শুরু সুপার এইটের লড়াই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিল অস্ট্রেলিয়া। অথচ তারাই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। শুধু তা-ই নয়, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে বড় দলগুলোর চোখে চোখ রেখে দারুণ লড়াই করেছে ছোট দলগুলোও। জমজমাট সেই লড়াই শেষে এখন সবার নজর সুপার এইট পর্বে। সেরা আট দলের এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে আজ। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্সেই ছিল ওঠানামা। ‘ডি’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেয়ে সুপার এইটে ওঠে কিউইরা। একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে জয় পাওয়া তিন ম্যাচেও নিজেদের সেরাটা খেলতে পারেনি নিউজিল্যান্ড। একই চিত্র ছিল পাকিস্তানের ক্ষেত্রেও। ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেলেও ভারতের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি দলটি। তাই আজ পাকিস্তান ও নিউজিল্যান্ড—দুই দলই খুঁজবে নিজেদের সেরা ছন্দ। সুপার এইট শুরু হওয়ার দিনে সেমিফাইনালে কোন চার দল জায়গা করে নেবে, তা নিয়েও চলছে আলোচনা। সুপার এইট পর্ব ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ ১-এ রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই গ্রুপে সবচেয়ে বড় চমক জিম্বাবুয়ে, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেরা আটে উঠেছে তারা। জিম্বাবুয়ের দাপটেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করেন, এই গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে পারে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেরা চারের লড়াইয়ে ভারতের চেয়েও এই দুই দলকে এগিয়ে রাখছেন তিনি। আমিরের ব্যাখ্যা, ‘আপনি যদি তাদের (ভারত) ম্যাচগুলো দেখেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া প্রায় সব ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছে। সুপার এইটের ম্যাচগুলোতে চাপ আরো বাড়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারাতে পারে।’ অন্যদিকে গ্রুপ-২ থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন আমির। এই গ্রুপের অন্য দুই দল হলো ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
অবসরের কথা জানিয়ে দিলেন নেইমার

অবসরের কথা জানিয়ে দিলেন নেইমার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ভবিষ্যৎ নিয়ে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। বর্তমানে সান্তোসে খেলা এই তারকা জানিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে চোট-আঘাত তার ক্যারিয়ারে বড় ধাক্কা দিয়েছে। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি তিনি আবার ফিরেছেন। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে তার ২০০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার এখনো পর্যন্ত ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ফি হিসেবে বিবেচিত। তবে পিএসজি অধ্যায়ের পর চোট-সংকট তাকে ধারাবাহিকভাবে মাঠের বাইরে রেখেছে। ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। চুক্তির মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ালেও হাঁটুর অস্ত্রোপচারের কারণে তিনি মৌসুমের শুরু মিস করেন। গত সপ্তাহে তিনি পুনর্বাসন শেষে মাঠে ফেরেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না সামনে কী হবে। ডিসেম্বর এলে হয়তো অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। সবকিছু নির্ভর করবে আমার মন কী বলে তার ওপর। এখন থেকে দিন ধরে, ধাপে ধাপে এগোব।’ তার এই মন্তব্যে জোরাল হয়েছে জল্পনা—২০২৬, কিংবা চলতি বছরের শেষেই কি পেশাদার ক্যারিয়ারের ইতি টানবেন নেইমার? জাতীয় দলের হয়ে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। তিনি কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এই রেকর্ড গড়েন। তবে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি। বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে জায়গা করে নেওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেও স্বীকার করেছেন নেইমার। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলে ফিরতে কঠোর পরিশ্রম করছেন এই ফরোয়ার্ড। নেইমার বলেন, ‘এই বছরটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু সান্তোস নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও এটি বিশ্বকাপের বছর। আমি নিজের সেরাটা দিতে চাই।’
ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প

ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প ইরানের নেতাদের ওপর পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে সম্মত হতে চাপ দেওয়ার জন্য সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। কর্মকর্তারা হামলার সম্ভাবনার কথা বলার কয়েক ঘণ্টা পরে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, ‘আগামী সম্ভবত ১০ দিনের মধ্যে বিশ্ব জানতে পারবে যে, কোনো চুক্তিতে পৌঁছানো হবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে। ’ আমেরিকা এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা সন্দেহ করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, যা ইরান সর্বদা অস্বীকার করে আসছে। মার্কিন ও ইরানি কর্মকর্তারা সুইজারল্যান্ডে এই বিষয়টি নিয়ে বৈঠক করেছেন এবং বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান ‘সম্ভাব্য চুক্তির একটি খসড়া’ প্রস্তুত করছে এবং আগামী কয়েক দিনের মধ্যে এটি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করবে। জেনেভায় আলোচনাটি অনুষ্ঠিত হয় যখন আমেরিকান বাহিনী ইরানের আশেপাশে তাদের উপস্থিতি বৃদ্ধি করে চলেছে। মোতায়েনের মধ্যে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও রয়েছে, যা এই অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীও মোতায়েনের মধ্যে রয়েছে। ডেস্ট্রয়ার, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধবিমানের সংখ্যাও বৃদ্ধির পাচ্ছে। স্যাটেলাইট ছবিতেও দেখা গেছে, ইরান সামরিক স্থাপনাগুলোকে শক্তিশালী করেছে এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন বাহিনীকে হুমকি দিয়ে বার্তা পোস্ট করেছেন। ট্রাম্প সপ্তাহে বেশ কয়েকবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তবে তার মন্তব্য সবসময় বাস্তব পদক্ষেপে রূপ নেয় না এবং অনেক সময় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়। তিনি সাংবাদিকদের মনে করিয়ে দিতে পছন্দ করেন যে, সম্ভাব্য প্রতিপক্ষরা যেন তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে না পারে, সে কারণে তিনি তার উদ্দেশ্য নিজের ও ঘনিষ্ঠ কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রাখেন। বৃহস্পতিবার সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি কটাক্ষ করে বলেন, ‘আমি এ বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছি না। আমরা কোনো না কোনোভাবে একটি চুক্তি করব—অথবা কোনো চুক্তিই করব না।’ এমনকি যদি কোনো অভিযান পরিচালিত হয়, তবুও তার সুনির্দিষ্ট সামরিক লক্ষ্য কী হবে, তা তিনি এখনো স্পষ্ট করেননি। জানা গেছে, মার্কিন কর্মকর্তারা তাকে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য অভিযানের বিভিন্ন বিকল্প উপস্থাপন করেছেন। অতীতে বিস্ময়ের উপাদান ধরে রাখতে ট্রাম্প সময়সীমাকেও কৌশল হিসেবে ব্যবহার করেছেন। গত বছরের জুলাইয়ে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর সময় হোয়াইট হাউসের কর্মকর্তারা তখনও সফল আলোচনার সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে কথা বলছিলেন। মার্কিন ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার আগের দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ট্রাম্পের একটি বিবৃতি পড়ে শোনান। সেখানে তিনি বলেন, ‘নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে বা নাও হতে পারে। তাই আগামী দুই সপ্তাহের মধ্যে আমি সিদ্ধান্ত নেব যে আমি এগোব কি না।’ নিকট ভবিষ্যতে যেকোনো হামলা ট্রাম্প প্রশাসনের জন্য অভ্যন্তরীণভাবে একটি চ্যালেঞ্জিং সময়ে আসতে পারে। জরিপে দেখা যাচ্ছে, ক্রমবর্ধমান সংখ্যক আমেরিকান তার অভিবাসন ও অর্থনীতি পরিচালনার ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। সূত্র : বিবিসি।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পটি সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার এবং কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। পাকিস্তানি সংবাদমাধ্যম ডননিউজটিভির প্রতিবেদনে বলা হয়, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলায় কম্পন অনুভূত হয়। শাংলায় ইফতারের সময় ভূমিকম্পের কম্পন টের পেয়ে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এই এলাকাতেই ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় ভূকম্পন বেশি অনুভূত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের বাকি আর ১ দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের বাকি আর ১ দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের আর ১ দিন বাকি আছে। আগামীকাল ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় দেওয়া সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা। শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হিসাবে ১০০ নম্বর এবং এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা নির্ধারণ করা হবে। এ মেধাতালিকাটি প্রত্যেক কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক প্রণয়ন করা হবে। তবে, এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না।
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ। সিরিজটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠন ও প্রস্তুতির জন্য এটি হবে বড় পরীক্ষা।
বায়ুদূষণে শীর্ষে কাবুল, দ্বিতীয় ঢাকা

বায়ুদূষণে শীর্ষে কাবুল, দ্বিতীয় ঢাকা বিশ্বের ১২২টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে আফগানিস্তানের কাবুল। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৪৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ২২৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে থাকা ঢাকার বাতাস আজ ‘খুব অবস্বাস্থ্যকর’। ২২১ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০১ স্কোরে বাহরাইনের মানামা চতুর্থ অবস্থানে ও একই স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের স্পিকার কে হবেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবারের সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম বিভিন্ন মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। আগামী ২৬ তারিখের মধ্যে স্পিকারের নাম ঘোষণা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে, অ্যাডভোকেট জয়নুল আবেদীনের দীর্ঘ আইনজীবী অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে দক্ষতা এবং রাজনৈতিক পরিসরে সক্রিয় ভূমিকা তাকে স্পিকার পদের আলোচনায় এগিয়ে রাখছে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত। সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে তিনি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিপক্বতার সমন্বয় বিবেচনায় এনে তার নাম আলোচনায় এসেছে। যদিও দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভাসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলেও প্রবীণ নেতা ড. আবদুল মঈন খান এখনো সরকারের বাইরে আছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নরসিংদী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে। আলোচনা ছড়িয়ে পড়েছে ড. মঈন খানও হতে পারেন সংসদের স্পিকার। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য নরসিংদী-২ আসন থেকে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবাও সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন। অনেকের মতে, প্রবীণ নেতা ড. মঈন খানকে স্পিকার পদে নির্বাচিত করা হলে তিনি ভালো করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে তিনি সবার কাছে গ্রহণযোগ্য। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বপূর্ণ পদ। স্পিকার সংসদ অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী বিধি প্রয়োগ, সংসদীয় শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এ পদে অধিষ্ঠিত ব্যক্তিকে রাজনৈতিক নিরপেক্ষতা, প্রশাসনিক দক্ষতা এবং সাংবিধানিক জ্ঞানের সমন্বয় ঘটাতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ পরিচালনায় আইনি ব্যাখ্যা, রুলিং প্রদান এবং বিতর্ক ব্যবস্থাপনায় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে অভিজ্ঞ আইনজীবীর ভূমিকা কার্যকর হতে পারে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ভিন্নমুখী আলোচনা রয়েছে। কেউ কেউ মনে করছেন, অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংসদের কার্যক্রম পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। আবার অনেকে বলছেন, স্পিকার পদে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংসদীয় সমীকরণ ও দলীয় কৌশলের ওপর। ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে স্পিকার নির্বাচিত হবেন। সংবিধান অনুযায়ী বিদায়ি স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবার তা হচ্ছে না।