তিন বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

তিন বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় রবিবার (২২ ফেব্রুয়ারি) আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এদিন তাপমাত্রা বাড়ার কোনো স্পষ্ট পূর্বাভাস নেই। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানায়, আজ রবিবার ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে । পরদিন মঙ্গলবারও আবহাওয়া একই রকম থাকতে পারে। তিন বিভাগেরই কিছু জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা অন্যদিনের মতো প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয় বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় নম্বরে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা লাহোরের দূষণ ৩৯২ স্কোর— অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।  অপরদিকে, দূষণ তালিকায় ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় নম্বরে রয়েছে ঢাকা। এই শহরের বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক দেওয়ার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠান দুটি ঘিরে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ও স্বাস্থ্য নিরাপত্তাব্যবস্থায় বিশেষ এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। তাই নির্ধারিত পথ, সাইনবোর্ড ও নিরাপত্তাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।  মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে— সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ। যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহনও নিষিদ্ধ করা হয়েছে। বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড় এলাকায় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পানিশূন্যতা এড়ানো, বিশ্রাম নেওয়া, অগ্নিনিরাপত্তাবিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি ও চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সূত্র : খালিজ টাইমস

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার জেরে এ হামলা চালিয়েছে পাক বাহিনী।  পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি ও গোপন আস্তানা লক্ষ্য করে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এসব হামলা চালানো হয়েছে।  বিবৃতিতে আরো জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান তেহরিক-ই-তালেবান এবং সহযোগী সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি)-এর সাতটি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির ও আস্তানায় ‘নির্বাচিত লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে। পাকিস্তানের এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর মাত্র কয়েক দিন আগে সৌদি আরবের মধ্যস্থতায় উত্তেজনা প্রশমনের উদ্যোগের অংশ হিসেবে কাবুল তিন পাকিস্তানি সেনাকে মুক্তি দেয়। দীর্ঘদিন ধরে দুর্গম সীমান্তজুড়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর এই উদ্যোগ নেওয়া হয়েছিল। পাকিস্তান সরকার জানিয়েছে, আফগানিস্তানের ভূখণ্ড কাজে লাগিয়ে পরিকল্পনা করা সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে রয়েছে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সহিংসতা। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বহরে আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর পরদিন সোমবার বাজাউরে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ১১ জন সেনা ও এক শিশু নিহত হয়। কর্তৃপক্ষ জানায়, ওই হামলাকারী একজন আফগান নাগরিক। এদিকে কাবুলের তালেবান প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে আফগানিস্তান বরাবরই পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে হামলা চালানোর সুযোগ কোনো গোষ্ঠীকে দেওয়া হয়নি।

ভাষা শহিদদের স্মরণে সাঁওতাল জনগোষ্ঠীর ব্যতিক্রমী আয়োজন

ভাষা শহিদদের স্মরণে সাঁওতাল জনগোষ্ঠীর ব্যতিক্রমী আয়োজন সদর উপজেলার আমনুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহিদদের স্মরণ করেছে সাঁওতাল জনগোষ্ঠী। SIL International বাংলাদেশ ও ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রেভ্যুলেশন সংস্থার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রথমবারের মতো সাঁওতাল জনগোষ্ঠীর শিশু-কিশোরদের অংশগ্রহণে তাবিথা কিন্ডারগার্টেন স্কুল, আমনুরা মিশন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট এন্ড্রু জুনিয়র স্কুলের শিক্ষার্থী এবং আমনুরা মিশন যুব সংঘের সদস্যরা সাঁওতালি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান। তাদের এ উদ্যোগ উপস্থিত সবার মাঝে বিশেষ আবেগের সঞ্চার করে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, সাঁওতালি, বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ প্রতিযোগিতা, সাঁওতালি ভাষায় বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অমর একুশ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু, সুপারভাইজার ইসরাইল হাজরা, আদিবাসী নেত্রী রুমালি কোল, কল্পনা কোল হাঁসদা, আদিবাসী নেতা কর্নেলিস মুর্মুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  

ভাষা শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজন

ভাষা শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজন চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জেলার সর্বস্তরের মানুষ। বক্তারা প্রমিত বাংলার শুদ্ধ চর্চা, বাংলা ভাষাকে প্রযুক্তির সঙ্গে আরও সম্পৃক্ত করা, সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। দিবসটি পালন করতে জেলা প্রশাসনসহ শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, পৌরসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। জেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শনিবার ভোর থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরি শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, শিশুদের আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা অফিসার আব্দুল মাতিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনূর রহমান, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এবং জেলা আনসার কমান্ড্যান্ট আরিফুর রহমান। আলোচনায় বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা একুশভিত্তিক কবিতা আবৃত্তি করে উপস্থিতদের মুগ্ধ করে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মের কাছে ভাষা শহিদদের বীরত্বগাঁথা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন। শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সরকারি শিশু পরিবারে এরফান গ্রুপের ইফতারী বিতরণ

সরকারি শিশু পরিবারে এরফান গ্রুপের ইফতারী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২১ ফেব্রুয়ারি) সরকারি শিশু পরিবার (বালিকা)-এ এই আয়োজন করা হয়। এরফান গ্রুপের সহযোগিতায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ব্যবস্থাপনায় ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে নিবাসী শিশুদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন অতিথিরা। এ সময় তারা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল হোসেন, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, ইউনিট সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মফিজ উদ্দিন, সহকারী অধ্যাপক শফিউর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্য ও সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান এবং রেড ক্রিসেন্টের ইউএলও মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, এরফান গ্রুপের এ মহতী উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা রমজানের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এতিমখানা ও গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে শিশুদের মাঝে ইফতার পরিবেশন করেন। অতিথিরা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

ভাষা শহিদদের প্রতি ‘প্রয়াস’ পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহিদদের প্রতি ‘প্রয়াস’ পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। এর অংশ হিসেবে ‘প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। সকালে সংগঠনের প্রধান কার্যালয় বেলেপুকুর থেকে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমানের নেতৃত্বে এ সময় কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, ফারুক আহমেদ, উপ-ব্যবস্থাপক জহুরুল ইসলাম, জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইসরাত জাহান, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াস হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম লিটনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে রেডিও মহানন্দায় দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হয়, যেখানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়।

দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী

দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আমার সম্পৃক্ততা পাওয়া যাবে না, এমনকি কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। আমরা নিজেরা দুর্নীতিতে জড়াবো না এবং অন্যদের ক্ষেত্রেও কঠোর নজরদারিতে থাকবো। দেশকে ভালোবাসার প্রমাণ শুধু আন্দোলনে নয়, কর্মক্ষেত্রেও দিতে হবে। দুর্নীতিমুক্ত, মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারলে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ ফেব্রুয়ারি জাতির জন্য বিশেষ তাৎপর্যময় দিন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং বাঙালির মৌলিক অধিকার আদায়ের প্রতীক। ভাষা মানুষের সবচেয়ে ব্যক্তিগত ও মৌলিক অধিকার। একইসঙ্গে নিজের পরিবার, অনুভূতি ও চেতনার সঙ্গে ভাষার সম্পর্ক গভীর। সেই ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে, ত্যাগ ও সংগ্রাম ছাড়া কোনো জাতি অধিকার অর্জন করতে পারেনি। সাম্প্রতিক সময়েও অধিকার আদায়ে আন্দোলন ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। নির্বাচিত সরকার নিয়ে ববি হাজ্জাজ বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পেয়েছেন এটাই বড় প্রাপ্তি। শিক্ষা মন্ত্রণালয়কে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা হলো রাষ্ট্রগঠনের ভিত্তি। ভিত্তি দুর্বল হলে উঁচু ভবন দাঁড় করে লাভ নেই। তাই শিক্ষার অবকাঠামো মজবুত করাই সবার দায়িত্ব। শিক্ষার মানোন্নয়নে তিনটি বিষয়ের ওপর জোর দিতে হবে। সেটি হচ্ছে ‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’। পাঠ্যক্রম ভালো হতে হবে, শ্রেণিকক্ষে কার্যকরভাবে পাঠদান নিশ্চিত করতে হবে এবং সারা দেশে শিক্ষার মানে সামঞ্জস্য থাকতে হবে। বর্তমানে দেশে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কারিগরি শিক্ষা ও বিভিন্ন ধারার মাদ্রাসাসহ বহু শিক্ষাধারা রয়েছে। এসব ধারার মধ্যে মানগত সমন্বয় জরুরি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।