ভেঙে গেল অভিনেত্রীর সংসার

ভেঙে গেল অভিনেত্রীর সংসার ভেঙে গেছে হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা ড্যাডারিওর সংসার। প্রযোজক অ্যান্ড্রু ফর্মের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড এ খবর প্রকাশ করেছে। টিএমজেড-কে একটি বিবৃতি দিয়েছেন আলেকজান্দ্রার একজন মুখপাত্র। তাতে বলা হয়েছে, “ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবক হিসেবে তারা তাদের সন্তানকে লালন-পালন করবেন। এই পরিস্থিতিতে ব্যক্তিগত গোপনীয়তা কামনা করছেন তারা। তবে তারা ঠিক কবে আলাদা হয়েছেন বা বিচ্ছেদের কারণ কী এসব বিষয় এখনো স্পষ্টভাবে জানা যায়নি। ২০২২ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলেকজান্দ্রা ও অ্যান্ড্রু। এ দম্পতির ১৫ মাস বয়সি একটি পুত্রসন্তান রয়েছে। আলেকজান্দ্রার এটি প্রথম হলেও অ্যান্ড্রুর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে মার্কিন অভিনেত্রী জর্ডানা ব্রিউস্টারের সঙ্গে ঘর বেঁধেছিলেন অ্যান্ড্রু। এ সংসারে ১২ ও ৯ বছর বয়সি দুটো পুত্রসন্তান রয়েছে। আলেকজান্দ্রা তাদের সৎমা ছিলেন। আলেকজান্দ্রা ও অ্যান্ড্রু মাত্র ১৫ বছর বয়সে অভিনেত্রী হিসেবে টেলিভিশনে অভিষেক ঘটে আলেকজান্দ্রার। ২০০৫ সালে হলিউড চলচ্চিত্রে পা রাখেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো ‘বেওয়াচ’, পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস’, ‘দ্য হোয়াইট লোটাস’, ‘ইটস সিক্যুয়েল’, ‘হল পাস’ প্রভৃতি।

বঙ্গবিভূষণ পেলেন নচিকেতা

বঙ্গবিভূষণ পেলেন নচিকেতা বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একঝাঁক বিশিষ্ট নাগরিকদের হাতে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ তুলে দেওয়া হলো। গতকাল শনিবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালে বঙ্গবিভূষণ সম্মাননা পেয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এই সম্মানে ভূষিত হয়েছেন শিবাজী চট্টোপাধ্যায় এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সংগীত ও সংস্কৃতির জগতে অবদানের জন্য লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে বঙ্গবিভূষণ সম্মান। চিত্রকলায় বিশেষ কৃতির জন্য গণেশচন্দ্র হালুইকে বঙ্গবিভূষণ প্রদান করা হয়। একই মঞ্চ থেকে এদিন ‘বঙ্গভূষণ’ সম্মানও প্রদান করা হয়েছে। এই তালিকায় রয়েছেন কলেন্দ্রনাথ মান্ডি, শ্যামচাঁদ বাগদি, নন্দলাল বাউড়ি, মৃণাল কান্তি বিশ্বাস এবং চন্দন লোমজেল। সংগীতে অবদানের জন্য মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, অদিতি মুন্সি, কার্তিক দাস বাউল ও নাজমুল হক। বিশেষ সম্মান পেয়েছে স্টার জলসা ও জি বাংলা চ্যানেল। এছাড়া বঙ্গভূষণ পেয়েছেন সমরেশ মজুমদার, পরমব্রত চট্টোপাধ্যায় ও বিবেক কুমার।

আমি সবসময় চেষ্টা করি : কেয়া পায়েল

আমি সবসময় চেষ্টা করি : কেয়া পায়েল ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন কাজ, শুটিং সেটের অভিজ্ঞতা এবং দর্শক প্রতিক্রিয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। সুব্রত সঞ্জীবের পরিচালনায় নতুন একটি নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল, যেখানে তার বিপরীতে রয়েছেন মুশফিক আর ফারহান। নাটকের বিষয়ে পায়েল বলেন, ‘এই গল্পটি খুবই চমৎকার একটা প্লটে করা। আমাদের এখানে কিছু পারিবারিক কোলাহল আছে যা দর্শক খুব মজা পাবে। আমার চরিত্রটি বেশ ইন্টারেস্টিং, আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। নিজের চরিত্রের নেতিবাচক দিকগুলো নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ার আশঙ্কা করে তিনি বলেন, ‘কিছু কিছু দৃশ্যে দেখে হয়তো মানুষ বলবে- আল্লাহ, মেয়েটা তার শাশুড়ির সাথে এরকম কেন করছে! তবে গল্পটি সম্পূর্ণ দেখলে দর্শকদের অবশ্যই ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি পরিবার নিয়ে দেখার মতো গল্প ও চরিত্রে কাজ করতে। বর্তমানে ‘আমাদেরই গল্প’ নাটকের মাধ্যমে ব্যাপক সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী। নাটকে তার চরিত্রের নাম ‘মেহরিন’। দর্শক এখন তাকে আসল নামের চেয়ে চরিত্রের নামেই বেশি ডাকছে। এ প্রসঙ্গে পায়েলে ভাষ্য, ‘আমি রাজ (পরিচালক) ভাইয়াকে বলছিলাম, এত নাটক করেছি কিন্তু কখনো চরিত্রের নামে কেউ ডাকেনি। এখন ছবির নিচেও মানুষ মেহরিন বা সামির-ফাহাদ নামে কমেন্ট করে। একজন শিল্পী হিসেবে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। শুটিং সেটের পরিবেশ নিয়ে পায়েল জানান, পরিবারের চেয়েও বেশি সময় তাদের সেটে কাটাতে হয়। তাই শুটিং ইউনিটও এখন তার কাছে একটি পরিবার। সহকর্মীদের সাথে সুসম্পর্ক কাজের গতি বাড়িয়ে দেয় উল্লেখ করে তিনি বলেন, ‘অফ-স্ক্রিনে আমাদের রসায়ন খুব চমৎকার। সুনেরাহর সাথে জামাকাপড় নিয়ে গল্প করি, সাজ্জাদ ভাইকেও বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করি। কাজের জায়গাটা আপন না হলে আসলে প্রাণখুলে অভিনয় করা সম্ভব হয় না।

মঞ্চ মাতাতে ভারত আসছেন শাকিরা

মঞ্চ মাতাতে ভারত আসছেন শাকিরা আবারও ভারত সফরে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে তার লাইভ পারফরম্যান্স হওয়ার কথা রয়েছে। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণ আয়োজন করছে ফিডিং ইন্ডিয়া ও ডিসট্রিক্ট বাই জোমাটো। জানা গেছে, মুম্বাইয়ে শাকিরা পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আয়োজকদের মতে, এই কনসার্ট শুধু সংগীতের আসর নয়, ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সচেতনতা তৈরির একটি বড় উদ্যোগ। এক বিবৃতিতে শাকিরা জানান, ‘ভারতে পারফর্ম করা সব সময়ই আমার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়। শিল্পী হিসেবে খ্যাতির পাশাপাশি সামাজিক কাজেও সক্রিয় শাকিরা। নিজের ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করছেন। এই লক্ষ্যই ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’-এর উদ্দেশ্যের সঙ্গে মিল রয়েছে। উল্লেখ্য, প্রায় দুই দশক আগে শেষবার ভারতে কনসার্ট করেছিলেন শাকিরা। ২০০৭ সালে তার ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন তিনি। সূত্র: এনডিটিভি

অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’, পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রে

অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’, পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রে শোবিজ অঙ্গনে বিরতির ঘোষণার হিড়িকের মধ্যেই এবার অভিনয় থেকে সাময়িক বিরতির কথা জানালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি জানান, জীবনের এই পর্যায়ে এসে তার কিছুটা থামা প্রয়োজন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে বিরতি দরকার হয়—এবার সেই সময়টাই নিচ্ছেন তিনি।’তবে এটি স্থায়ী বিদায় নয় বলেও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’এই বিরতিকে যেন কেউ বিদায় না ভাবেন— এমনটাও জানিয়েছেন। শিগগিরই তিনি আবার ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মাহি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি। পোস্টের মন্তব্যঘরে ভক্তরা তাকে শুভ কামনা জানিয়েছেন। অনেকেই মনে করছেন, কাজের চাপ থেকে মানসিক প্রশান্তির জন্যই হয়তো এই বিরতি। এদিকে বিরতির ঘোষণা দেওয়ার পরই যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে উঠে দেশ ছেড়েছেন মাহি। সেখানে নিজের বোনের সঙ্গে কিছুদিন সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

জানুয়ারি মাসে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত

জানুয়ারি মাসে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত জানুয়ারি মাসে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত এবং ১২০৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি। এই মাসে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত, ২৮ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় নিহত ৭ জন, আহত ৬ জন ও ৩ জন নিখোঁজ রয়েছে। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৯৭টি দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং ১২৩৮ জন আহত হয়েছে। এই সময়ে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত, ১৩২ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ, নিহতের ৪০.৮৪ শতাংশ ও আহতের ১০.৯৬ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে। ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছে। সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩১ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৩ জন পরিবহণ শ্রমিক, ৭৯ জন শিক্ষার্থী, ৯ জন শিক্ষক, ৬২ জন নারী, ৬৭ জন শিশু, ৪ জন চিকিৎসক, ৪ জন সাংবাদিক, একজন বীর মুক্তিযোদ্ধা এবং ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছে- দুজন পুলিশ সদস্য, দুজন সেনা সদস্য, একজন নৌবাহিনীর সদস্য, চারজন চিকিৎসক, একজন বীর মুক্তিযোদ্ধা, ১২৭ জন বিভিন্ন পরিবহণের চালক, ৮৯ জন পথচারী, ৫৪ জন নারী, ৪৮ জন শিশু, ৫৭ জন শিক্ষার্থী, ২১ জন পরিবহণ শ্রমিক, ৮ জন শিক্ষক ও ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৮২৯টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৮.৪৬ শতাংশ মোটরসাইকেল, ২৩.৬৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৪.৩৫ শতাংশ বাস, ১৩.৬৩ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৫.৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৯.০৪ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৫.৩০ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে। সংগঠিত মোট দুর্ঘটনার ৪৮.৩৬ শতাংশ গাড়িচাপা দেওয়ার ঘটনা, ২৮.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৬.৮৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৫.৬১ শতাংশ বিবিধ কারণে, ০.১৮ চাকায় ওড়না পেছিয়ে এবং ০.৩৬ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪২.৫৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৭.৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪.০৯ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪.৫২ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৫৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৩৬ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জয়

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জয় এ রকম আবহাওয়ায় শ্রীলঙ্কা যে ক্রিকেটের জন্য আদর্শ নয়—এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন নিউজিল্যান্ড নারী দলের সাবেক অধিনায়ক সোফি ডিভাইন। গত বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে যে ১০ ম্যাচ বৃষ্টির কবলে পড়েছিল, তার মধ্যে সাতটিরই ভেন্যু ছিল শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও বৃষ্টি জেঁকে বসেছে। আসরের গ্রুপ পর্বে একমাত্র যে ম্যাচটি (জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড) বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল, সেটির ভেন্যু ছিল শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম। আজ সুপার এইট পর্বের প্রথম ম্যাচটাও জিতে নিল বৃষ্টি। রিজার্ভ ডে না থাকায় পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো পাকিস্তান ও নিউজিল্যান্ডকে। এবার ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও অবিরাম বর্ষণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

নাটকের রাতে শীর্ষে ফিরল পিএসজি

নাটকের রাতে শীর্ষে ফিরল পিএসজি ফরাসি লিগ আঁ-র শিরোপা দৌড়ে নতুন মোড়। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে দুর্বল মেত্জকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আবারও শীর্ষে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে এই সুযোগ তৈরি করে দিয়েছে শিরোপা প্রতিদ্বন্দ্বী লেন্স। শুরুতে দুই গোলে এগিয়ে থেকেও মোনাকোর কাছে ৩-২ ব্যবধানে হেরে বসে তারা। দিনের শুরুতে পিএসজির চেয়ে এক পয়েন্ট এগিয়ে ছিল লেন্স। ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে ২-০-তে এগিয়ে থেকেও আগস্টের পর প্রথমবার হোম লিগ ম্যাচে হার দেখল তারা। এতেই শীর্ষস্থান পুনর্দখলের সুবর্ণ সুযোগ পায় ফরাসি জায়ান্টরা। মেৎজের বিপক্ষে তিন মিনিটেই গোলের খাতা খোলেন দিজিরে দুয়ে। ওয়ারেন জায়ের-এমেরির লম্বা পাস ধরে মাঝমাঠ থেকে দৌড়ে গিয়ে জাল খুঁজে নেন তরুণ ফরোয়ার্ড। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। কর্নার থেকে লুকাস হার্নান্দেজের হেড গোলরক্ষক ঠেকালেও লাইনের কাছ থেকে বল জালে ঠেলে দেন তিনি। শেষ দিকে গঞ্জালো রামোস জোরালো ফিনিশে নিজের মৌসুমের ১১তম গোল করে জয় নিশ্চিত করেন। মোনাকোর মাঠে চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে ৩-২ জয়ে জোড়া গোল করা দুয়ে আজ শুরু থেকেই ছিলেন একাদশে। চোটে থাকা উসমান দেম্বেলের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকজনকে বিশ্রাম দেন কোচ লুইস এনরিকে। আগামী বুধবারই মোনাকোর বিপক্ষে প্লে-অফের দ্বিতীয় লেগ। ১১ ম্যাচ বাকি থাকতে পিএসজি এখন লেন্সের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে। তৃতীয় স্থানে থাকা লিঁও রোববার স্ট্রাসবুর্গকে হারাতে পারলে শীর্ষের সঙ্গে ব্যবধান ছয়ে নামাতে পারবে।

নতুন মৌসুমের শুরুতেই সনের দাপটে ম্লান মেসি

নতুন মৌসুমের শুরুতেই সনের দাপটে ম্লান মেসি মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের শুরুতেই বৈশ্বিক দুই সুপারস্টারের লড়াই। কিন্তু আলোটা কেড়ে নিলেন সন হিউং-মিন। তার অনবদ্য পারফরম্যান্সে লস অ্যাঞ্জেলেস ৩-০ গোলে হারিয়েছে মেসির ইন্টার মায়ামিকে। আর আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি ম্যাচে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। লস অ্যাঞ্জেলেসে নিজের প্রথম পূর্ণ মৌসুম খেলতে নামা দক্ষিণ কোরিয়ান তারকা শুরু থেকেই ছিলেন প্রাণবন্ত। প্রথমার্ধে ডেভিড মার্টিনেজের গোলের যোগান দেন সন। পরে ডেনিস বুয়াঙ্গা ও বদলি নাথান অর্ডাজ ব্যবধান বাড়িয়ে নিশ্চিত করেন দাপুটে জয়। ম্যাচটি দেখতে মেমোরিয়াল কলিসিয়ামে প্রায় ৭৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন, যা এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতি। তবে যারা মেসির জাদু দেখতে এসেছিলেন, তাদের জন্য রাতটি ছিল হতাশার। বল দখলে এগিয়ে থেকেও এলএএফসির গোলমুখে তেমন হুমকি তৈরি করতে পারেনি মায়ামি। দুই সপ্তাহ আগে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়া মেসিকে ছন্দহীনই দেখিয়েছে। শুরুটা দারুণ ছিল এলএএফসির। দ্রুত পাল্টা আক্রমণে বারবার চাপে ফেলে মায়ামিকে। একবার বুয়াঙ্গার পাসে একক প্রচেষ্টায় সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন সন। তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। মাঝমাঠে রদ্রিগো ডি পল বলের নিয়ন্ত্রণ হাতছাড়া করলে তা যায় সনের কাছে। ডিফেন্ডারদের ঢিলেঢালা রক্ষণে সময় পেয়ে ডানদিকে মার্টিনেজকে পাস দেন তিনি। ভেনেজুয়েলান তরুণ প্রথম স্পর্শেই বল জড়িয়ে দেন জালে। বিরতির আগে প্রায় একই ভঙ্গিতে আবারও গোলের কাছাকাছি গিয়েছিলেন মার্টিনেজ। আর প্রথমার্ধের একমাত্র স্পষ্ট সুযোগে বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শট অল্পের জন্য বাইরে যায়। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয় মায়ামি। মেসিও মাঝমাঠ থেকে খেলা সাজানোর চেষ্টা করেন, নেন দূরপাল্লার শট। একপর্যায়ে রায়ান পোর্তেউসের সঙ্গে সংঘর্ষে মুখ থুবড়ে পড়েন বিশ্বকাপজয়ী তারকা। তবে দ্রুতই উঠে দাঁড়ালে স্বস্তি ফেরে সমর্থকদের মাঝে। চাপ সামলে ধৈর্যের ফল পায় এলএএফসি। নিজেদের অর্ধ থেকে টিমোথি টিলম্যানের উঁচু থ্রু পাস ধরে বুয়াঙ্গা প্রথমে হেডে গোলরক্ষকের ওপর দিয়ে বল তোলেন, পরে ঘুরে জালে পাঠান। ম্যাচ কার্যত সেখানেই শেষ। শেষদিকে সন আরেকটি অ্যাসিস্টের সম্ভাবনা তৈরি করলেও বুয়াঙ্গা সুযোগ কাজে লাগাতে পারেননি। কিছুক্ষণ পর করতালির মধ্যেই তুলে নেওয়া হয় সনকে। এরপর বদলি নামা নাথান অর্ডাজ মায়ামির কফিনে শেষ পেরেক ঠুকে এলএএফসির জয় নিশ্চিত করেন।

২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ

২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিরেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। অ্যামটবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এনইআইআর পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে। যেসব গ্রাহক নিবন্ধনবিহীন হ্যান্ডসেটে সিম ব্যবহার করছেন, তাদের সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে বলেও জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।