প্রশংসা কিংবা ট্রল আমাকে নাড়া দেয় না: সামান্থা

প্রশংসা কিংবা ট্রল আমাকে নাড়া দেয় না: সামান্থা ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দেড় দশকের অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে মাত করার ব্যাপারটি ছিল লক্ষ্যণীয়। ৩৮ বছরের সামান্থা খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনই অর্থ সম্পদেরও মালিক হয়েছেন। সামান্থার অগণিত ভক্ত-অনুরাগী রয়েছেন। কিন্তু একটি মুদ্রার দুটো পিঠ থাকে। একটি শ্রেণি তাকে যেমন ভালোবাসেন, তেমনই অন্যটি অপছন্দও করেন। ফলে সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে ট্রলের শিকার হন, নেতিবাচক মন্তব্যও জমা পড়ে কমেন্ট বক্সে। এ পরিস্থিতি কীভাবে সামাল দেন, তা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সামান্থা রুথ প্রভু তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেটিজেনদের সঙ্গে একটি আড্ডায় অংশ নেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘আস্ক মি এনিথিং’ শিরোনামের সেশনে ভক্তদের সঙ্গে কথা বলেন। একজন ভক্ত তার কাছে জানতে চান, সোশ্যাল মিডিয়ায় ভালো ও খারাপ—দুই ধরনের মন্তব্য জমা পড়ে। এসব মন্তব্য পড়ে আপনার কেমন প্রতিক্রিয়া তৈরি হয়? এ প্রশ্নের জবাবে সামান্থা রুথ প্রভু বলেন, “প্রশংসা কিংবা ট্রল কোনওটি আমাকে নাড়া দেয় না। কিন্তু আপনি যদি আমার ঘরে নেতিবাচকতা নিয়ে আসেন, তবে আমি আপনাকে ব্লক করব। যেমন- আমি আমার ব্যক্তিগত পরিসর পরিষ্কার রাখি, তেমনই এই পেজটাও পরিষ্কার রাখি। ব্লক হওয়া মানে এই নয় যে, আপনি আমাকে আক্রান্ত করেছেন। এর মানে আপনাকে এখানে স্বাগত জানাতে পারছি না।” নাগা চৈতন্যর সঙ্গে সংসার ভাঙার পর অনেক কঠিন সময় পার করেছেন সামান্থা। বিবাহবিচ্ছেদের মানসিক যন্ত্রণার মাঝে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে সব সংকট কাটিয়ে গত ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। নতুন সংসারে দারুণ সময় পার করছেন এই তারকা জুটি। সামান্থা রুথ প্রভু অভিনীত নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। তেলেগু ভাষার এ সিনেমা পরিচালনা করছেন নন্দিনী রেড্ডি। এ সিনেমায় দুই রূপে দেখা যাবে সামান্থাকে। একটি অ্যাকশনধর্মী, অন্যটি গৃহবধূর ভূমিকায়। প্রকাশিত টিজারে শাড়ি পরে দুষ্কৃতকারীদের সঙ্গে লড়াই করতে দেখা যায় সামান্থাকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
বাফটা অ্যাওয়ার্ডস : এবার সেরার শিরোপা জিতলেন কারা?

বাফটা অ্যাওয়ার্ডস : এবার সেরার শিরোপা জিতলেন কারা? লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে এক সন্ধ্যায় এমন এমন কিছু সিনেমা এবং অভিনেতা-অভিনেত্রীদের নাম শোনা গেল যা এক আসরকে করে তোলে আলো ঝলমলে। আসরটি ৭৯তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কার প্রদান অনুষ্ঠান। ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে আসরে সবচেয়ে বেশি ছয়টি পুরস্কার জিতে সব আলো নিজের দিকে নিয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা সহ-অভিনেতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা ও সেরা রূপান্তরিত চিত্রনাট্য শাখায় পুরস্কার জিতেছে পল টমাস অ্যান্ডারসনের এই সিনেমা। আর সহ-অভিনেতা শাখায় এই সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন শন পেন; যা এই অভিনেতার কাছে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। অস্কারে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়া আলোচিত সিনেমা ‘সিনার্স’ জিতেছে তিনটি পুরস্কার। রায়ান কুগলার পরিচালিত সিনেমাটি পেয়েছে সেরা মৌলিক চিত্রনাট্য, সহ-অভিনেত্রী ও মৌলিক সংগীতের পুরস্কার। এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে বাফটার ইতিহাসে মৌলিক চিত্রনাট্য বিভাগে প্রথম কৃষ্ণাঙ্গ বিজয়ী হিসেবে নাম লেখালেন কুগলার। সহ-অভিনেত্রী বিভাগে এই সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন উনমি মোসাকু, আর সংগীতের পুরস্কার ঘরে তুলেছেন লুডভিগ গোরানসন। সেরা অভিনেতা বিভাগে প্রত্যাশা অনুযায়ী টিমোথি শ্যালামে বা লিওনার্ডো ডিক্যাপ্রিও ট্রফি জেতেননি। ‘আই সয়্যার’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন রবার্ট অ্যারামায়ো। ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। একই সঙ্গে ‘হ্যামনেট’ সেরা ব্রিটিশ সিনেমার পুরস্কারও জিতে নিয়েছে। অন্য ভাষার সেরা চলচ্চিত্র হয়েছে নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’। অ্যানিমেশন বিভাগে সেরা হয়েছে ‘জুটোপিয়া টু। ‘সেরা চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ শাখায় সেরা হয়েছে ভারতের মণিপুরি ভাষার সিনেমা ‘বুং’। গিয়ের্মো দেল তোরোর ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ কারিগরি শাখায় পেয়েছে তিনটি পুরস্কার। প্রোডাকশন ডিজাইন, রূপসজ্জা এবং কস্টিউম ডিজাইনে সেরা হয়েছে সিনেমাটি। সেরা ভিজ্যুয়াল এফেক্টস শাখায় পুরস্কার জিতেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এবারের আসর সঞ্চালনা করেন অ্যালান কামিং। তার রসিকতায় হাসির রোল যেমন উঠেছে তেমনি শিল্পীদের বক্তব্যে উঠে এসেছে সময়ের রাজনৈতিক উত্তাপ। তারা কথা বলেছেন মতপ্রকাশের স্বাধীনতা ও বৈচিত্র্য নিয়ে।
এভারটনকে হারিয়ে শীর্ষ চারে ম্যানইউ

এভারটনকে হারিয়ে শীর্ষ চারে ম্যানইউ এভারটনের মাঠে কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত হাসলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সোমবার এভারটনকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষ চারে ওঠে গেছে রেড ডেভিলরা। এভারটনের মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথম হাফে বল নিজেদের দখলে রাখলেও, আক্রমণে তেমন গোছানো ছিল না ম্যানইউর। স্বাগতিক এভারটনও সুযোগ তৈরিতে ব্যর্থ হওয়ায় গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট। বিরতির পর ম্যাচের গতি বাড়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। এই সময় তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল এভারটন। তবে সব পরিকল্পনায় ছেদ পড়ে ৭১তম মিনিটে। বদলি হিসেবে নামার মাত্র ১৩ মিনিটের মাথায় এক দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে জয়সূচক গোলটি করেন বেঞ্জামিন শেস্কো। এরপর দুই দলই কিছু চেষ্টা করলেও আর গোলের দেখা মেলেনি। প্রথম দেখায় ১-০ ব্যবধানে হারার প্রতিশোধটা এভাবেই সুদে-আসলে তুলে নিল ম্যানইউ।২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে এভারটন। অন্যদিকে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে।
বিশ্বকাপের মাঝপথে সূচিতে পরিবর্তন, নতুন ব্যাখ্যা আইসিসির

বিশ্বকাপের মাঝপথে সূচিতে পরিবর্তন, নতুন ব্যাখ্যা আইসিসির চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যাখ্যায় জানানো হয়েছে, সহ–স্বাগতিক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে নির্দিষ্ট কিছু শর্তে নিজেদের মাঠেই খেলতে পারবে। তবে তা নির্ভর করছে প্রতিপক্ষ ও পাকিস্তানের ফলাফলের ওপর। সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর অংশীজনদের কাছে পাঠানো এক বার্তায় সেমিফাইনালের ভেন্যু–সংক্রান্ত বিষয় স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়, প্রথম সেমিফাইনাল থাকবে ‘ফ্লোটিং’ অবস্থায়—ম্যাচটি হবে হয় কলম্বোতে, নয়তো কলকাতায়। বার্তায় আরও জানানো হয়েছে, পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা ৪ মার্চ কলম্বোতে সেমিফাইনাল–১ খেলবে। পাকিস্তান শেষ চারে না উঠলেও শ্রীলঙ্কা উঠলে এবং তাদের প্রতিপক্ষ ভারত না হলে ম্যাচটি কলম্বোতেই হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে, পাকিস্তান ও শ্রীলঙ্কা, দুই দলই যদি সেমিফাইনালে না ওঠে, তাহলে সেমিফাইনাল–১ হবে কলকাতায় এবং সেমিফাইনাল–২ মুম্বাইয়ে। ভারত সেমিফাইনালে উঠলে তারা মুম্বাইয়েই খেলবে প্রতিপক্ষ পাকিস্তান ছাড়া যে দলই হোক। তবে ভারত–পাকিস্তান সেমিফাইনাল হলে ম্যাচটি হবে কলম্বোতে। আর যদি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা তিন দলই সেমিফাইনালে না ওঠে, তাহলে সুপার এইটের গ্রুপ–১ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ–২ রানার্স–আপের বিপক্ষে কলকাতায়। অন্য সেমিফাইনালে গ্রুপ–২ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে গ্রুপ–১ রানার্স–আপের, মুম্বাইয়ে। উল্লেখযোগ্য বিষয় হলো, শ্রীলঙ্কা ও পাকিস্তান, দুই দলই সুপার এইটের গ্রুপ–২ এ রয়েছে। ফলে তাদের মধ্যে সেমিফাইনাল হওয়ার সুযোগ নেই। গত নভেম্বরে ঘোষিত সূচিতে পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে উঠলে কলম্বোকে ভেন্যু হিসেবে রাখা হয়েছিল। তবে শ্রীলঙ্কা নকআউটে উঠলে কী হবে, তা স্পষ্ট ছিল না। নতুন ব্যাখ্যায় সেই ধোঁয়াশা কেটেছে। সব মিলিয়ে সমীকরণ পরিষ্কার—শ্রীলঙ্কা শেষ চারে উঠতে পারলে এবং প্রতিপক্ষ ভারত না হলে, ঘরের মাঠে সেমিফাইনাল খেলার সম্ভাবনা জোরালো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সুপার এইটের ফলাফলের ওপর।
ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল স্লোভাকিয়া

ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল স্লোভাকিয়া দ্রুজবা পাইপলাইন ঘিরে তেল সরবরাহ বিরোধের জেরে ইউক্রেনে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে স্লোভাকিয়া। গ্তকাল এ সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ইউক্রেনের দাবি, দ্রুজবা পাইপলাইনের ইউক্রেন অংশে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এত পাইপলাইনটি বিধ্বস্ত হয়েছে এবং মেরামত না করা হলে এই পাইপলাইন দিয়ে তেলের চলাচল সম্ভব নয়। এর ফলে গত ২৭ জানুয়ারি থেকে দ্রুজবা পাইপলাইনের ইউক্রেন অংশ দিয়ে স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে রাশিয়ার তেল প্রবাহ বন্ধ রয়েছে। তবে দ্রুজবা পাইপলাইনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। এদিকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া উভয়েই পাইপলাইন বন্ধের জন্য ইউক্রেনকে দায়ী করেছে। ফিকো এক বিবৃতিতে বলেন, স্লোভাকিয়ায় ঘোষিত ‘তেল জরুরি অবস্থা’র প্রেক্ষিতে “তাৎক্ষণিক প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা” হিসেবে বিদ্যুৎ সহায়তা স্থগিত করা হয়েছে। তেল পরিবহন পুনরায় শুরু হলে সিদ্ধান্ত প্রত্যাহারের ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি পরিস্থিতির উন্নতি না হলে ইউক্রেনের ইইউ সদস্যপদ আকাঙ্ক্ষায় সমর্থন পুনর্বিবেচনা করার সতর্ক করেন তিনি। তবে স্লোভাকিয়ার বিরোধী দল সরকারের এমন পদক্ষেপে নিন্দা জানান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা উভয় দেশকে গঠনমূলক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণে ফেরার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ১৯৬৪ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে রাশিয়া থেকে ইউক্রেন, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও জার্মানিতে সরাসরি তেল সরবরাহের জন্য দ্রুজবা পাইপলাইন তৈরি করা হয়েছিল।
রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, হাজার হাজার ফ্লাইট বাতিল

রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, হাজার হাজার ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী একটি তুষারঝড় আঘাত হেনেছে। স্থানীয় সময় গ্তকাল এই তুষাড়ঝড় হয়। এতে রেকর্ড সৃষ্টিকারী তুষারপাতের ফলে কয়েক লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন ও কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যানুসারে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেমি) পর্যন্ত তুষারপাত হয়েছে। নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে। নিউ ইয়র্কের একটি রাষ্ট্রীয় সংস্থা সতর্ক করে বলেছে, যাতায়াতের পরিস্থিতি ‘প্রায় অসম্ভব’ হয়ে দাঁড়িয়েছে। পূর্ব উপকূলের প্রায় ৬ লাখেরও বেশি ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার মধ্যে নিউ জার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। রোড আইল্যান্ড এবং পার্শ্ববর্তী কানেকটিকাটে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি বলেন, “আমি দক্ষিণ-পূর্ব ম্যাসাচুসেটসে অপরিহার্য নয় এমন সব ড্রাইভিংয়ের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছি এবং হাইওয়েতে গতিসীমা কমিয়ে ৪০ মাইল করছি। আবহাওয়া এতটাই খারাপ যে আপনি কোথাও আটকে গেলে সাহায্য পৌঁছানো কঠিন হবে। তাই আমি সবাইকে রাস্তা থেকে দূরে থাকার অনুরোধ করছি।” তুষারঝড়ে কারণে ম্যাসাচুসেটসের প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার মধ্যে ৮৫ শতাংশ গ্রাহক কেপ কড এলাকার। নিউ ইয়র্ক সিটিতে সোমবার দুপুরে জরুরি পরিস্থিতি তুলে নেওয়ার আগ পর্যন্ত ৮৫ লাখ মানুষের এই শহরটি কার্যত অচল ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্যানুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে যাতায়াতকারী মোট ৫ হাজার ৭০৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবারও এই রেশ কাটবে না বলে ধারণা করা হচ্ছে। বোস্টন ও নিউ ইয়র্কের বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় আরও দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
পেরুতে টানা বৃষ্টিপাতে ভূমিধস, হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে

পেরুতে টানা বৃষ্টিপাতে ভূমিধস, হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পেরুর দক্ষিণাঞ্চলের ইকা ও আরেকুইপা অঞ্চলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রবল বর্ষণের মধ্যে ভূমিধসে ভেসে যাওয়া এক বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। দুর্যোগে প্রায় ৫ হাজার ৫০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আরেকুইপার স্থানীয় কর্তৃপক্ষ অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য একাধিক আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে। এদিকে পেরুর মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার ঘোষণা করেছে, দেশজুড়ে ৭০০টিরও বেশি জেলাকে জরুরি অবস্থার আওতায় আনা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরেকুইপার কায়মা এলাকায় আকস্মিক বন্যায় সড়ক ভেঙে পড়েছে এবং বহু বাড়িঘর ধ্বংসের মুখে রয়েছে। একটি গাড়ি কাদার নিচে অর্ধডুবন্ত অবস্থায় দেখা গেছে। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাস্তা পরিষ্কার করছেন। এই দুর্যোগের মধ্যেই সোমবার বন্যা উদ্ধার অভিযানে নিয়োজিত একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হন। চালা জেলায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে সাতজনই শিশু। আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের পেছনে ‘এল নিনো কোস্তেরো’ নামের উপকূলীয় জলবায়ু পরিস্থিতি দায়ী। আগামী মাসে এটি আরো শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের ঝুঁকি বাড়াবে।
উত্তেজনার মধ্যে লেবানন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

উত্তেজনার মধ্যে লেবানন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের। সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের এমন আচরণ আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, এই উত্তেজনা যুদ্ধের দিকে গড়ালে ইরানের পাল্টা হামলার ঝুঁকি বিবেচনায় বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মার্কিন দূতাবাসের অন্তত ৩০ থেকে ৫০ জন কর্মীকে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তু হতে পারে- এমন আশঙ্কাও করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরান গেল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এমন একটি অর্থবহ চুক্তি চান, যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কোনও চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে। এর আগেও ইরানের সঙ্গে সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে থাকা তার দূতাবাস ও সামরিক ঘাঁটি থেকে কর্মী সরিয়ে নিয়েছে। ২০২৫ সালে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সংশ্লিষ্ট স্থাপনায় হামলার আগে ইরাক, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন দূতাবাসগুলো থেকেও অপ্রয়োজনীয় কর্মী প্রত্যাহার করা হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “পররাষ্ট্র দফতর বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যালোচনার পর আমরা মনে করেছি, কেবল প্রয়োজনীয় কর্মী রেখে উপস্থিতি কমানোই যুক্তিসংগত।” তবে দূতাবাস পুরোপুরি বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, “দূতাবাসের কার্যক্রম সীমিত পরিসরে হলেও চালু থাকবে।”
১২ মার্চ চালু হচ্ছে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট

১২ মার্চ চালু হচ্ছে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট ২৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে মালদিভিয়ানের বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট -জিএসএ গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসেস সঙ্গে এক চুক্তি স্বাক্ষর হয়। আগামী ১২ মার্চ থেকে পুনরায় চালু হচ্ছে মালদিভিয়ান এয়ারলাইন্সের ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট। মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স সরাসরি এই ফ্লাইট দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে। এ উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে মালদিভিয়ানের বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট -জিএসএ গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসেস সঙ্গে এক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে মালদিভিয়ান এয়ারলাইন্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ইয়াস এবং গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশীদ, মালদিভিয়ানের গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশীদ বলেন, এই রুট পুনরায় চালুর ফলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী হবে। প্রাথমিক অবস্থায় সপ্তাহে দুইদিন (রবিবার ও বৃহস্পতিবার) এই ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশি তাকায় প্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা। ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, যাতে যাত্রীরা সহজেই আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট ধরতে পারেন। মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে এই রুট পুনরায় চালু করা হয়েছে। রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বৃদ্ধির সময়কে সামনে রেখেই এই সেবা চালু হচ্ছে, যা বিদেশগামী মালদ্বীপের নাগরিক ও দেশে ফেরা বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে। যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকিট বুকিং এখন মালদিভিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার ১৬৭১-এর মাধ্যমে চালু রয়েছে। বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে ২৬টি উড়োজাহাজের মধ্যে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ ৮ এবং এগারোটি ড্যাশ ৬ টুইন অটার বিমান—যেগুলো দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। জানা গেছে, আসন্ন ঈদের আগেই শুরু হতে যাওয়া এই পাইলট প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হতে পারে। এতে ৫০ লাখ সুবিধাভোগীর জন্য বছরে সরকারকে গুণতে হবে ১২ হাজার কোটি টাকার বেশি। ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়া এখনো পূর্ণাঙ্গভাবে শুরু না হলেও প্রাথমিক প্রস্তুতি হিসেবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID); পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও একটি সচল মোবাইল নম্বর সংগ্রহে রাখতে বলা হয়েছে। জানা গেছে, পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। এ ছাড়া ঘরে বসে দ্রুত আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নিচ্ছে সরকার। প্রতি পরিবারে শুধু একটি কার্ড ইস্যু করা হবে, যার মাধ্যমে মাসিক নগদ টাকা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড পাবেন।